১৪টি খড়ের পালায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকঝিনাহার গ্রামে গত শুক্রবার রাতে নয়জন কৃষকের ১৪টি খড়ের পালায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গ্রামের বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, গভীর রাতে প্রায় কাছাকাছি সময়ে ওই আগুন লাগানো হয়। এতে হইহল্লা শুরু হয়। পরে গ্রামবাসী চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
গ্রামের বাসিন্দা মেজবাউল হক প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা কী কারণে এভাবে আতঙ্ক ছড়াচ্ছে, তা বোঝা যাচ্ছে না।
আনছার আলী নামের আরেক বাসিন্দা বলেন, একযোগে ১৪টি পালায় আগুন লাগানোর ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, মানুষের মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকলে এ রকম কাজ করতে পারত না। ঘটনাটি যেই ঘটাক, তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় থানায় অভিযোগ নিয়ে কেউ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’