১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সনদ না নিয়ে এবং গুণগত মান পরীক্ষা ছাড়া রড উৎপাদন ও বাজারজাত করায় চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ডের ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিএসটিআইয়ের দুই কর্মকর্তা ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেন।
বিএসটিআই চট্টগ্রামের পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, গতকাল বুধবার ও গত মঙ্গলবার চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের রড তৈরির অভিযোগ পাওয়া যায়। তাদের বিএসটিআইয়ের লাইসেন্সও নেই। এর পরিপ্রেক্ষিতে বিএসটিআইয়ের কর্মকর্তা মাহমুদুল হাসান ও সাফায়েত হোসেন বাদী হয়ে মামলাগুলো করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে গুণগত মান যাচাই ও লাইসেন্স না নেওয়া পর্যন্ত রড উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।