১৪টি হিন্দু পরিবারকে ঘর তুলে দিচ্ছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রাম থেকে উচ্ছেদ হওয়া ১৪টি হিন্দু পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। শূন্য ভিটাগুলোতে গতকাল সোমবার থেকে ঘর তোলার কাজ শুরু হয়েছে।

তবে এ ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভিটাছাড়া পরিবারগুলো।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যাবেন এবং নতুন করে তৈরি করা ঘরে তাদের আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন করবেন। তা ছাড়া ঘটনা তদন্তে আইন ও সালিস কেন্দ্রের একটি প্রতিনিধি দলও আজ সকালে বরগুনা আসছে।

গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, কমপক্ষে ৩০ জন কাঠমিস্ত্রি উচ্ছেদ হওয়া পরিবারগুলোর ভিটায় ঘর তুলছেন। ভেঙে নেওয়া ঘরগুলোর মালামাল উদ্ধার করে এবং নতুন কাঠ ও টিন কিনে এসব ঘর তোলা হচ্ছে। কাজ তদারক করছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্বে আছেন ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহম্মেদ বয়াতি। কাঠমিস্ত্রি হেমায়েত উদ্দীন জানান, তাঁরা দিনরাত কাজ করে আজকের (মঙ্গলবার) মধ্যেই নয়টি ঘরের কাজ সম্পন্ন করবেন।

উচ্ছেদ হওয়া কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন আমাদের পুনর্বাসন করতে পারে। কিন্তু আমাদের নিরাপত্তা দেবে কে?’ তাঁরা বলেন, এ ঘটনায় জড়িত শুধু সন্ত্রাসী রশিদকে আটক করা হয়েছে। কিন্তু মূল হোতা প্রভাবশালী যুবলীগ নেতা জাকির হোসেন ও তাঁর বড় ভাই সালাম সরদার এখনো ধরাছোঁয়ার বাইরে। তাঁরা খুবই প্রভাবশালী। এ কারণে এ ঘটনায় করা মামলায় তাঁদের আসামি করারও সাহস হয়নি।’

 মামলার বাদী যাদব চন্দ্র সরকার বলেন, ‘আমার স্ত্রী-মেয়ে নিয়ে আমি আর ওখানে ফিরে যেতে চাই না। ওখানে ফিরে গেলে আমরা এক মুহূর্তও নিরাপদে বাস করতে পারব না।’

তালতলী থানার ওসি বাবুল আকতার বলেন, ‘উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে এখানে আসার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা তাদের সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছি।’ ইউ‌এনও কাজী তোফায়েল আহমেদ বলেন, ‘এসব পরিবারের নিরাপত্তায় প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।’