১৪০ কেজি মাংস ও দুটি হরিণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার বাদুড়তলা এলাকা থেকে উদ্ধার হওয়া ১৪০ কেজি হরিণের মাংস ও দুটি জীবিত হরিণ l প্রথম আলো
বরগুনার পাথরঘাটার বাদুড়তলা এলাকা থেকে উদ্ধার হওয়া ১৪০ কেজি হরিণের মাংস ও দুটি জীবিত হরিণ l প্রথম আলো

বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা এলাকায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুটি হরিণ ও ১৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় চোরাই শিকারিদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে। গত শনিবার রাত তিনটার দিকে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা শনিবার রাত তিনটার দিকে বিষখালী নদীতে টহলে নামে। এ সময় নদীর বাদুরতলা এলাকায় একটি ট্রলারকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। কিন্তু ট্রলারটি দ্রুত বাদুরতলা খালের দিকে গিয়ে সেখানে নোঙর করে এটির ভেতরের লোকজন পালিয়ে যায়। ট্রলারটি তল্লাশি করে দুটি হরিণ ও বরফ দেওয়া হরিণের মাংস উদ্ধার করা হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে এসব মাংস ও হরিণ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার করা মাংস ও দুটি হরিণ আমরা স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।’
পাথরঘাটা সদর বিটের বন কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, উদ্ধার হওয়া হরিণের ১৪০ কেজি মাংস গতকাল দুপুরে নষ্ট করে তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তাঁর ধারণা, সংঘবদ্ধ চোরাই শিকারিরা সুন্দরবন থেকে এসব হরিণ ফাঁদ পেতে শিকারের পর তা জবাইয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। শিকারিরা পাঁচ থেকে সাতটি হরিণ জবাই করেছে। তবে জবাই করা এসব হরিণের মাথা, শিং ও চামড়া পাওয়া যায়নি।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার বলেন, উদ্ধার হওয়া দুটি হরিণের একটির পায়ে কিছুটা জখম হওয়ায় সেটি একটু নিস্তেজ। তবে অন্যটি সবল আছে। নিস্তেজ হরিণটিকে চিকিৎসা দিয়ে দুটি হরিণকে স্থানীয় মাঝেরচরে বন বিভাগের সৃজিত বনে ছেড়ে দেওয়া হবে। এ ঘটনায় বন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

আটটি শিকারি দল সক্রিয়, দমনে প্রশাসন উদাসীন: পাথরঘাটায় সুন্দরবনকেন্দ্রিক হরিণ শিকারি ও পাচারকারী আটটি দল সক্রিয় থেকে হরিণ শিকার করলেও এদের দমনে পুলিশ ও বন বিভাগ তেমন সক্রিয় নয়। শিকারিদের হাতে প্রতিদিন কমপক্ষে ২৫টি হরিণ মারা পড়ছে। এ নিয়ে প্রথম আলোয় গত ১০ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কিছুদিন শিকারিরা নিষ্ক্রিয় থাকলেও তারা ফের সক্রিয় হয়ে উঠেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহ নেওয়াজ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ চোরাই শিকারিদের ধরার ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে। এরই মধ্যে এ-সংক্রান্ত দুটি মামলায় আমরা আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি। শিকারিদের দমনে আমরা সব সময় সতর্ক আছি।’