১৪৪ ধারা এড়িয়ে অন্যত্র সাংসদের জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা জারি থাকায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ উচ্চবিদ্যালয় মাঠের পরিবর্তে মনসুরাবাদ সম্মিলিত জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে গতকাল শুক্রবার জনসভা করেছেন স্থানীয় সাংসদ। উপজেলা ছাত্রলীগও ওই উচ্চবিদ্যালয় মাঠে জনসভা করেনি।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সাংসদ ভাঙ্গার মনসুরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বেলা তিনটার দিকে জনসভা আহ্বান করেন। একই স্থানে একই সময়ে উপজেলা ছাত্রলীগও জনসভার কর্মসূচি দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এলাকার কয়েকজন বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সাংসদ তাঁর বহর নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা হয়ে মনসুরাবাদ উচ্চবিদ্যালয় মাঠের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুড়িয়া হয়ে ভীমেরকান্দা খালের ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সাড়ে চারটার দিকে তিনি ওই মাদ্রাসা মাঠে জনসভা করেন। এতে সভাপতিত্ব করেন হামেরদী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। সভায় তিনিসহ চারজন সাংসদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর পক্ষে যোগ দেন।

সভায় সাংসদ মজিবুর রহমান বলেন, ‘একটি চক্র এলাকার উন্নয়ন চান না। তাঁরা আমার সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে বাধা দিতে চেয়েছিলেন। এ জন্য আমার নির্ধারিত জনসভায় পাল্টা সভা ডেকে প্রশাসন দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছেন। কিন্তু জনতার দাবির কারণে আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরেছি।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মনসুরাবাদ উচ্চবিদ্যালয় মাঠ ও এর আশপাশে ১৪৪ ধারা জারি থাকায় ছাত্রলীগও সেখানে জনসভা করেনি। গতকাল সকাল থেকে মাঠটি পুলিশ ঘিরে রাখে। তাই সমাবেশের জন্য নির্মিত দুটি মঞ্চই শূন্য পড়ে থাকে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘১৪৪ ধারা জারি থাকায় আমরা আর মনসুরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে যাইনি।’