১৫ অস্ত্রসহ নিজাম হাজারীর ২৬ অনুসারী আটক
ফেনী-২ আসনের সরকারদলীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারীদের গাড়ির বহরে তল্লাশি চালিয়ে ১৫টি আগ্নেয়াস্ত্র ২৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় অস্ত্রসহ এদের আটক করা হয়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি বিদেশি শটগান, পাঁচটি পিস্তল, একটি বিদেশি বন্দুক ও চারটি এলজি এবং ১৬টি রামদা ও দুটি চায়নিজ কুড়াল। এ ছাড়া তিনটি মাইক্রোবাস ও সেগুলোর চালককে আটক করা হয়।
এদিকে ওই ২৬ জনের আটকের পর পর তাদের ছেড়ে দেওয়ার দাবিতে নিজাম হাজারীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারটি স্থানসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১০টায় ফেনীর জেলা প্রশাসক হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, মহাসড়ক অবরোধমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।
র্যাবসহ স্থানীয় সূত্রগুলো বলেছে, ২ জুন বিকেলে সোনাগাজীতে যুবলীগের কর্মী আজিজুল হক নিহত হন। ওই হত্যার প্রতিবাদে গতকাল শনিবার সোনাগাজীতে যুবলীগের সমাবেশ ছিল। সমাবেশে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ রহিম উল্যাহর গ্রেপ্তার দাবি করা হয় এবং তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়। সমাবেশ শেষে সোনাগাজী থেকে গাড়িবহর দিয়ে ফেনী শহরে ফিরছিলেন নিজাম হাজারীর অনুসারীরা। এই বহরে বিপুল অস্ত্র আছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে লালপুল নামক স্থানে তল্লাশি চৌকি বসায় র্যাব। ওই সময় তল্লাশি করে তারা তিনটি মাইক্রোবাস থেকে ১৫টি অাগ্নেয়াস্ত্রসহ অন্যান্য অস্ত্র উদ্ধার এবং ২৬ জনকে আটক করে।
>ফেনীতে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, বিজিবি মোতায়েন
একটি সূত্র জানায়, মাইক্রোবাসের আরোহীরা প্রথমে দাবি করে অস্ত্র লাইসেন্স করা। কিন্তু তারা কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি। এ খবর জানাজানির পরপর নিজাম হাজারীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা অবরোধ করেন। এ সময় র্যাবের গাড়িও অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার হওয়া অস্ত্র ও আটক ব্যক্তিদের নিয়ে র্যাবের গাড়িগুলো ফেনী ক্যাম্পে পৌঁছায়।
লালপুল এলাকায় অবরোধের পর মহাসড়কের ফাজিলপুর, মুহুরিগঞ্জ ও মোহাম্মদ আলী বাজার এবং ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞায় অবরোধ করেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
নাম না প্রকাশের শর্তে ফেনী রেলওয়ের একজন কর্মকর্তা জানান, রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগ-যুবলীগের কিছু কর্মী স্টেশনের প্যানেল বোর্ড (সংকেত দেওয়া হয়) খুলে নিয়ে যান। এ কারণে দুটি ট্রেন আটকা পড়ে। রাত ১০টায় তাঁরা আবার বোর্ড দিয়ে গেলে ট্রেন চলাচল শুরু হয়।
জানতে চাইলে সাংসদ নিজাম হাজারী বলেন, ‘আমাদের ছেলেরা সোনাগাজীতে প্রতিবাদ সমাবেশ করে ফেনী ফিরছিল। পথে র্যাব ব্যারিকেড দিয়ে তাদের আটক করে।’ তিনি দাবি করেন, আটক করা অস্ত্রগুলো লাইসেন্স করা। এ-সংক্রান্ত কাগজপত্র র্যাব কার্যালয়ে পাঠানো হবে। আর মহাসড়ক অবরোধ করা প্রসঙ্গে নিজাম হাজারী বলেন, দলীয় নেতা-কর্মীদের আটকের খবর পেয়ে অন্য নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন।