১৫ গরু ব্যবসায়ী অচেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের রূপনগরে ইস্টার্ন হাউজিং পশুর হাটে গতকাল শুক্রবার রাতে খাবার খাওয়ার পর ১৫ জন গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েছেন। অজ্ঞান পার্টির কোনো চক্র তাঁদের খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 
অসুস্থ হওয়া ব্যবসায়ীদের গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, রাত আড়াইটার দিকে ছয়জন ও রাত তিনটার দিকে আরও নয়জন গরু ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ হওয়া গরু ব্যবসায়ীদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁ। বাকি আটজনের বাড়ি কুষ্টিয়ায়।
ইস্টার্ন হাউজিং পশুর হাটের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মো. আমিনের ভাষ্য, রাত নয়টার দিকে নিজেদের রান্না করা খাবার খাওয়ার পর ওই ১৫ জন গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়ে পড়েন। তাঁরা হাটের দুই প্রান্তে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাঁরা অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আমিন বলেন, রান্না করা খাবারের মধ্যে অজ্ঞান পার্টির কোনো চক্রের সদস্য চেতনানাশক মিশিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।