১৫ জনকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ আমলে নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খাদ্য পরিদর্শক, জনপ্রতিনিধি, ডিলার এবং হতদরিদ্র না হয়েও তালিকায় নাম উঠিয়ে চাল নেওয়া ব্যক্তিরা রয়েছেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে পাঁচজন, শরীয়তপুরে চারজন, দিনাজপুরে দুজন, ময়মনসিংহে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক সূত্র বলেছে, হতদরিদ্রদের জন্য প্রতি কেজি ১০ টাকা দরে চাল বিক্রির কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী কর্মকর্তাদের চিঠি দিয়ে নির্দেশনা দেন। ওই নির্দেশনায় চাল নিয়ে অনিয়মের ওপর কঠোর নজরদারির পাশাপাশি অনিয়মের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্র বলেছে, ওএমএস ডিলারদের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে তিনজন খাদ্য পরিদর্শক এস এম শাহাবুদ্দিন, শাহনেওয়াজ ও সুরজিত দেকে গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা। একই সঙ্গে ডিলার সৈয়দ মোহাম্মদ মারুফ ও ডিলারের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার করা হয়। হতদরিদ্র না হয়েও হতদরিদ্র তালিকায় নাম তুলে আত্মসাতের অভিযোগে নীলফামারীর রশিদুল ইসলাম ও বনমালী রায় গ্রেপ্তার হয়েছেন।
চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুরে গ্রেপ্তার হয়েছেন চার ডিলার। তাঁরা হলেন সুবচনির হাটের সহিদুল সিকদার, রায়পুরের ফিরোজ খান, চন্দ্রপুরের দবীর তালুকদার ও মাহমুদপুর বাজারের আলী হোসেন খান।
ময়মনসিংহের ভালুকায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভরাডোবা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আজিম উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম এবং ডিলার কামরুল ইসলাম।
প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের নিয়ম থাকলেও ১৮ জন হতদরিদ্র মানুষকে দুই মাস বিতরণ দেখিয়ে কার্ডে টিপসই নিয়ে ৫৪০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করা হয় ফারুক মিয়াকে।