১৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ লোকমান নিহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে।
লোকমানের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের ভাষ্য, বসতভিটার জায়গা নিয়ে পৌর এলাকার পুটিবিলা পূর্ব দাসিমাঝিরপাড়া এলাকায় দুই ভাই মোহাম্মদ শফি ও আবদুস সালামের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রোববার সকালে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে আবদুস সালামের শ্যালক লোকমান গুরুতর আহত হন।
কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ লোকমান মারা যান।
জানতে চাইলে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে লোকমান হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল গফুর, মিনুয়ারা বেগম ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরিদর্শক বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।