১৫ জেলায় আটক ৩৫০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে দেশের ১৫ জেলা থেকে গত ৩০ ঘণ্টায় ৩৫০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াতের ১৪৫ জন নেতা-কর্মী ও সমর্থক আছেন। নাশকতার মামলা ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র আনোয়ারুল আমিনকে (৫০) গতকাল মঙ্গলবার নগরের গণকপাড়া মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন জানান, সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ারুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাসে পেট্রলবোমা হামলার মামলায় তানোর উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতানুজ্জামানকে (৫০) গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদপুর থেকে সোমবার রাতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ শহরে সোমবার মধ্যরাতে ছাত্রদলের ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া শহরের দুটি স্থান থেকে ১২টি হাতবোমা ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে।
গাইবান্ধার সাত উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য সোহরাব হোসেনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৭টি ককটেলসহ ইমারত হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ১৯ জনকে আটক করা হয়েছে।
রংপুরে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি-জামায়াতের সাতজন কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে। বগুড়ায় ৪৩ জনকে আটক করে পুলিশ। বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চলমান বিশেষ অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে গত সোমবার রাতে জামায়াত-বিএনপির ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে গত সোমবার রাত থেকে গতকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৩ জন নেতা-কর্মীসহ মোট ১০৭ জনকে আটক করেছে পুলিশ। সাতকানিয়ার বাজালিয়া বাসস্টেশন এলাকার একটি বিপণিকেন্দ্র থেকে গতকাল বাজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিশান ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায়¦পুলিশ মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব হাসান খানসহ চারজনকে গত সোমবার রাতে আটক করে।
মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াতের নেতা মুজাহিদুল ইসলামকে (৪৪) সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্বনাথ থানার পুলিশ সোমবার সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, জেলা জামায়াতের শুরা সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম খানকে গ্রেপ্তার করে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা}