১৫ জেলার ২২ পূজামণ্ডপে ভাঙচুরের অভিযোগ
দেশের ১৫টি জেলায় ২২টি দুর্গাপূজা মণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ। আজ সোমবার সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
কাজল দেবনাথ বলেন, কিশোরগঞ্জ জেলায় সর্বোচ্চ পাঁচটি পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খুলনা, দিনাজপুর ও বরিশাল জেলায় দুটি করে পূজামণ্ডপে ভাঙচুর করা হয়। এ ছাড়া রংপুর, লালমনিরহাট, মাদারীপুর, কুমিল্লা, নড়াইল, গোপালগঞ্জ, জামালপুর, শেরপুর, ঠাকুরগাঁও, নেত্রকোনা ও সিরাজগঞ্জে একটি করে পূজামণ্ডপে ভাঙচুর করা হয়েছে।
পূজামণ্ডপ ভাঙার বিষয়টি সবাইকে হৃদয় দিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়ে কাজল দেবনাথ বলেন, ‘পূজামণ্ডপ ভাঙলে আমাদের মনটাও ভেঙে যায়।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি। তিনি জানান, এবার ঢাকা শহরের ২২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপন করা হবে।
পূজামণ্ডপ ভাঙা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুব্রত চৌধুরী, স্বপন সাহা প্রমুখ।