১৫ জেলায় আরও ২২৩ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চলা হরতালে দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় চলছেই। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৪টি জেলা থেকে ২০৮ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটক অধিকাংশ নেতা-কর্মীকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিরা জানাচ্ছেন:
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে বুধবার রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনের দাবি, আটক ব্যক্তিরা বুধবার রাতে উদয়ন মোড়ে সংঘটিত সন্ত্রাসী ঘটনায় জড়িত। তাদের ওই ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জামায়াতে ইসলামী দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন কমিটির সদস্য (রোকন) মো. আলীম উদ্দিনকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে বড়লেখা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আলীম উদ্দীন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
পাবনার ফরিদপুর উপজেলা সদরে গতকাল সকালে হরতালের সমর্থনে মিছিল করার সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাকিম খানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল-অবরোধ ও নাশকতা ঘটনার মামলায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীসহ ১০৭ জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, আটক নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধার সাতটি উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় ১১ জন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল কাদের এবং নিয়ামতপুর উপজেলায় মতিউর রহমান ও আবদুর রাজ্জাক নামের দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ ম ওয়াহিদুজ্জামান মিলুকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলমসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক যুগ্ম সম্পাদক আলী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে বিএনপি ও জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
রাজশাহী র্যা ব-৫-এর সদস্যরা জেলার পুঠিয়া, চারঘাট ও বাগমারায় অভিযান চালিয়ে গতকাল বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে। এ ছাড়া এই তিন উপজেলায় আলাদা অভিযানে আরও পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
সাতক্ষীরায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে বিএনপির পাঁচজন ও জামায়াতের দুজন কর্মী রয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ বিএনপি-জামায়াতের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।