মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গত মাসের ১৫ দিনে দুই শতাধিক গাছ চুরি হয়েছে। স্থানীয় লোকজন নিয়ে গঠিত জাতীয় উদ্যানের পাহারাদার দলের কিছু সদস্য গাছ চুরি করছেন। এঁদের মধ্যে জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির কয়েকজন প্রভাবশালী সদস্যের লোকজনও রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৮ ও ১৯ নভেম্বর লাউয়াছড়া রেঞ্জের লাউয়াছড়া, কালাপুর ও চাউতলি বনবিট এলাকা ঘুরে মেহগনি, সেগুন, আগরসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছের মোথা (নিচের অংশ) কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বন এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ৪ থেকে ১৮ নভেম্বর রাত পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে প্রায় দুই শতাধিক মূল্যবান গাছ কেটে পাচার করে সংঘবদ্ধ গাছচোর চক্র। কেটে নেওয়া গাছের দাম কোটি টাকারও বেশি। অনুসন্ধানে জানা যায়, জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) তত্ত্বাবধানে ৫৬ সদস্যের একটি বন পাহারাদার দল (সিপিজি) বন বিভাগের প্রহরীদের সঙ্গে বন পাহারায় নিয়োজিত আছে। মাস খানেক আগে ওই পাহারাদার দলে মহসিন, সুফি, ফজর, সোহেল ও করিম হোসেন নামের পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। এঁদের মধ্যে করিম হোসেন ছাড়া সবাই চিহ্নিত গাছচোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে বলে মৌলভীবাজার বনরেঞ্জ সূত্রে জানা গেছে। তাঁরা পাহারাদার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে লাউয়াছড়ায় গাছ চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
১৮ নভেম্বর বেলা তিনটার দিকে দেখা যায়, জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেলপথ দিয়ে গাছচোর চক্র নিজেদের ট্রলি দিয়ে কেটে নেওয়া গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছে। রেলপথে নিজস্ব ট্রলি ব্যবহার করে চোরাই গাছ পাচার বেড়ে যাওয়ায় এ পথে এখন ট্রেন চলাচল নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।
অভিযোগ রয়েছে এই গাছচোর চক্রের সদস্যদের সঙ্গে জাতীয় উদ্যান সিএমসির সভাপতি ইমতিয়াজ আহমেদ, সদস্য বদরুল আলমসহ অনেকের যোগসাজশ আছে। তবে ইমতিয়াজ আহমেদ গাছচোর চক্রের সঙ্গে তাঁর যোগসাজশ থাকার অভিযোগ অস্বীকার করেছেন। আর বদরুল আলম অভিযোগ ঠিক নয় দাবি করে বলেন, তাঁরা বন ও বনজ সম্পদ রক্ষায় দিনরাত কঠোর পরিশ্রম করছেন। তা ছাড়া সহব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় গাছ চুরি ঠেকাতে তিনিই জোরাল বক্তব্য দেন।
অভিযুক্ত মহসিন, সুফি, ফজর, সোহেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মাহমুদুর রহমান গাছ চুরি বেড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, বিশাল এই বনে যেখানে কয়েকটি দলে বিভক্ত হয়ে একসঙ্গে দেড় থেকে দুই শ সশস্ত্র গাছচোর ঢোকে, সেখানে মাত্র তিন থেকে চারজন বনকর্মী দিয়ে গাছচোরদের প্রতিহত করা যায় না। গাছচোরদের প্রতিহত করতে মাঝেমধ্যে ফাঁকা গুলি ছুড়তে হয়।
বেসরকারি সংস্থা ক্রেলের (ক্লাইমেট রিসাইলেন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড) কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, সিপিজি সদস্যদের প্রথমে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হয়। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সিএমসির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বাদ দেওয়া হয়। যাঁদের বাদ দেওয়া হয় তাঁরাই প্রতিহিংসাবশত আবার গাছ কাটতে আসেন।
লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী) মরতুজ আলী জাতীয় উদ্যানের গাছ চুরির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি গত ১৫ দিনে কোটি টাকার গাছ চুরি হয়নি বলে দাবি করেছেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘গাছ চুরির ঘটনাগুলো আমার জানা ছিল না। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’