১৫ দিনে ২৯টি গরু চুরি বিপাকে মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে গরুচোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে। গত ১৫ দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৯টি গরু ও ২টি ছাগল চুরি করেছে এ চক্রের সদস্যরা। একসঙ্গে ৬টি গরু চুরি হওয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নরেশ দেবনাথ নামের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গরু চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন গরুর মালিকেরা।

গরু পালনকারী কৃষকেরা বলেন, সংঘবদ্ধ গরুচোর চক্র রাতের আঁধারে তাঁদের বাড়ি থেকে গরু চুরি করে প্রথমে নিয়ে যাচ্ছে তাদের গোপন আস্তানায়। পরে দূরের কোনো হাটে চুরি করে নেওয়া এসব গরু বিক্রি করছে চক্রটি।

খোঁজ নিয়ে জানা যায়, ১৩ আগস্ট থেকে উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রাম থেকে ৩টি, পতনউষার গ্রামের চান মিয়ার ৩টি গরু, শ্রীরামপুর থেকে ৪টি, রাঙাটিলা গ্রামের সফিক মিয়ার ২টি, শমশেরনগর ইউনিয়নের দেওছড়া চা-বাগানের শ্রীনাথ রবিদাসের ২টি, রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নরেশ দেবনাথের বাড়ি থেকে ছয়টি, মাধবপুর ইউনিয়নের ধলাইপার গ্রামের তোফায়েল মিয়ার ২টি, মাধবপুর চা-বাগানের জানকা চৌহানের ১টি, কাটাবিল গ্রামের কাদির মিয়ার ১টি, মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের বিজয় পালের ১টি, ধাতাইল গ্রামের চন্দন মালাকারের ১টি, শমশেরনগর চা-বাগানের সোবহান টিলা শ্রমিক বস্তির কালিকা রেলী নামের এক চা-শ্রমিকের ৩টি ও কমলগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড থেকে ২টি ছাগল চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় কয়েকজন গরু ব্যবসায়ী বলেন, গরু চুরি হয়ে যাওয়ায় এসব পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে। এক একটি গরুর মূল্য ৩০ হাজার থেকে লক্ষাধিক টাকা। মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আবদুল মতলিব তরফদারসহ স্থানীয় এলাকাবাসী বলেন, সিদ্ধেশ্বরপুর গ্রামের নরেশ দেবনাথের একমাত্র সম্বল ৬টি গরু চুরি হওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত রোববার মারা যান।

ক্ষতিগ্রস্ত কৃষক শফিক মিয়া, জাকির হোসেন, শ্রীনাথ রবিদাস বলেন, চুরি হয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও গরুর সন্ধান পাওয়া যায় না। থানায় অভিযোগ দিয়েও লাভ নেই। এ অবস্থায় ভয়ে অনেক কৃষক কম দামে হাটে গরু বিক্রি করছেন।

গরু চুরি হয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসানের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বলেন, গরু চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও গরু চুরি প্রতিরোধে পুলিশি জোর তৎপরতা রয়েছে।