পূর্ববিরোধের জের ধরে ফরিদপুর সদর ও সালথা উপজেলায় গতকাল বুধবার আওয়ামী লীগের দুই পক্ষের ১৫ জন নেতা-কর্মীর বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।
এদিকে বিকেলে জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরীকে আওয়ামী লীগের রাজনীতি থেকে প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে দলটির একটি পক্ষ।
দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবরের বিরোধী নেতা-কর্মীরা গতকাল বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘নির্যাতন নিপীড়নের প্রতিবাদে’ মানববন্ধন ও সমাবেশ ডাকেন। গত মঙ্গলবার ওই কর্মসূচি ঘোষণার পর থেকেই সালথা উপজেলার বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সংসদ উপনেতার নিজ ইউনিয়ন গট্টির আগুলদিয়া ও জয়ঝাপ গ্রামের আয়মনের বিরোধীদের ফরিদপুর শহরে আসতে বাধা দেওয়া হয়। আয়মনের সমর্থকেরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন মাতুব্বর, সাধারণ সম্পাদক স্থানীয় ইউপি সদস্য মোশাররফ মোল্লাসহ ছয়জনের বাড়িঘর ভাঙচুর করেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে ১৪ জন আহত হন।
সকাল সাড়ে ১০টার দিকে আয়মনবিরোধীরা গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার বাড়িসহ আটটি বাড়িতে ভাঙচুর করেন। দুপুর ১২টার দিকে সালথার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে আয়মন আকবরের সমর্থকেরা সমাবেশে আসা বিরোধীদের বাধা দেন। এর প্রতিবাদে আয়মনবিরোধীরা কাকিলাখোলা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকরাম মুছল্লীকে (৩৫) কুপিয়ে জখম করেন। তাঁকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেলা দুইটার দিকে আয়মনবিরোধীরা সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামানের ফরিদপুর শহরের বাড়িতে হামলা করেন। এ সময় একটি মাইক্রোবাস ও বাড়ি দুটির আসবাব ভাঙচুর করা হয়।
ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমার সঙ্গে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের বিরোধ চলছে। এর জেরে সংসদ উপনেতা ও স্থানীয় সরকারমন্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টির উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, তাঁর বাড়িতে হামলায় দেলোয়ার হোসেনের ছেলে শাওন অংশ নেন।
তবে দেলোয়ার হোসেন বলেন, ‘শাওন রাজনীতি করে না। আর আমি সারা দিন আমাদের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম।’ তিনি বলেন, ‘আমরা আয়মন আকবরের সন্ত্রাসী বাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে ফরিদপুর শহরে এ কর্মসূচি পালন করেছি।’
গতকাল বিকেলে নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের আয়মনবিরোধী নেতা-কর্মীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন। দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগরকান্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য আঞ্জুমান আরা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, আয়মন আকবর চৌধুরী দীর্ঘ দিন ধরে এলাকায় আওয়ামী লীগের পরীক্ষিত ও নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের নানা কৌশলে হয়রানি করে দল থেকে তাড়িয়ে দিচ্ছেন। তিনি অবাধ লুটপাটের রাজত্ব কায়েম করেছেন।
আয়মন আকবর চৌধুরী বলেন, ‘আমি আদর্শভিত্তিক রাজনীতি করি। যাঁরা আমার বিরোধিতা করে নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা সব সময় ক্ষমতাসীন সরকারের পক্ষে থেকে নানা সুযোগ-সুবিধা ভোগ করেন। তাঁদের অনেকে একাত্তরে যুদ্ধাপরাধ করেছিলেন। আমি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় তাঁরা আমার ওপর ক্ষুব্ধ।’