১৫ বাড়িতে র্যাবের অভিযান, সন্দেহভাজন জঙ্গি আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে ‘সন্দেহভাজন’ এক জঙ্গিকে আটক করেছে র্যাব-৫। গতকাল সোমবার দিবাগত রাত তিনটা থেকে শীর্ষস্থানীয় জঙ্গিনেতার সন্ধানে শিবনারায়ণপুর গ্রাম ঘিরে রাখে র্যাব। এ সময় অন্তত ১৫টি বাড়িতে অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার সকালে মনিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান শেষে র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাইদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, গুলশানে হোলি আর্টিজানের জঙ্গি হামলার পরিকল্পনাকারী বা তাদের সমপর্যায়ের দু-একজন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় মাঝেমধ্যে আসে বা অবস্থান করে—তিন দিন আগে এমন তথ্য পেয়ে এখানকার পাঁচ-ছয়টি বাড়ি চিহ্নিত করা হয়। এই তথ্যে ভিত্তিতে গতকাল রাত তিনটায় এই অভিযান শুরু হয়। অভিযানের সময় এখানকার ১৫টির মতো বাড়ি ঘিরে ফেলা হয়। টের পেয়ে তারা আগেই পালিয়ে যায়। তাই শীর্ষস্থানীয় জঙ্গি কাউকে আটক করা যায়নি।
সাইদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে—এমন সন্দেহে একজনকে আটক করে ক্যাম্পে আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদে জঙ্গি কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।