১৫ মাসের তদন্তেও চিহ্নিত হয়নি জঙ্গিরা
‘গ্রেনেড ও বোমা বিস্ফোরণের ঘটনা সত্য হলেও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে চিহ্নিত করা যায়নি’—নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির অজ্ঞাত পরিচয় সদস্যদের বিরুদ্ধে করা বিস্ফোরক আইনের মামলার দ্বিতীয় চূড়ান্ত প্রতিবেদনের মূলকথাও এটি।
চার মাস তদন্ত শেষে গত রোববার চূড়ান্ত প্রতিবেদন চট্টগ্রাম আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম। এর আগে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশও আসামিদের চিহ্নিত করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। তারা তদন্ত করে ১১ মাস। ওই প্রতিবেদন আদালত গ্রহণ না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এ নিয়ে ১৫ মাসের তদন্তেও আসামি চিহ্নিত হয়নি। অজানা থেকে গেল গ্রেনেড-বোমার উৎস। ২০১৫ সালের ৫ অক্টোবর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় এ মামলাটি হয়।
তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক নুর আহমদ গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেএমবি সদস্যদের শনাক্ত করতে না পারায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৫ অক্টোবর সন্ধ্যায় নগরের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ জেএমবির চট্টগ্রামের তৎকালীন প্রধান তৌফিকুল ইসলাম ওরফে জাবেদসহ পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। পরদিন ভোর চারটার দিকে তৌফিকুলকে নিয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে অস্ত্র উদ্ধার অভিযানে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা। সেখানে পৌঁছালে তৌফিকুলের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা গ্রেনেড ও বোমার বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের দুই সদস্য আহত হন। গ্রেনেড বিস্ফোরণে মারা যান তৌফিকুল। আর তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি গ্রেনেড সদৃশ হাতবোমা ও দুটি বিস্ফোরিত গ্রেনেডের অংশবিশেষ উদ্ধার করা হয়। ওই দিনই গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ খান জেএমবির অজ্ঞাত পরিচয় সদস্যদের আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।
শুরুতে মামলাটির তদন্ত করেন নগর গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ আলম। আড়াই মাস পর ২০১৫ সালের ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ফয়সাল মাহমুদ, শওকত রাসেল ও নাইমুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তিনি। এর দুদিন আগে তাঁদের নগরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বহিষ্কার করে। আদালত ওই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তাঁরা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।
তদন্ত শেষে গত বছরের (২০১৬) ১৫ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হলেও ঘটনায় জড়িত অজ্ঞাতনামা জেএমবি সদস্যদের সঠিক নাম-ঠিকানা খুঁজে না পাওয়ায় তাঁদের শনাক্ত করা যায়নি। ডিবি পুলিশের দেওয়া এই প্রতিবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে নারাজি আবেদন করা হয় আদালতে। চলতি বছরের ৯ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক নুর আহমদ মামলাটির তদন্ত শুরু করেন। গত রোববার আদালতে চার পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, গ্রেনেড ও বোমা বিস্ফোরণের ঘটনা সত্য হলেও কে বা কারা ঘটনা ঘটিয়েছে চিহ্নিত করা যায়নি। দ্রুত চিহ্নিত করার সম্ভাবনা না থাকায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গেলেও আশপাশের লোকজন ঘটনাটি শুনেছেন বললেও কারা করেছেন জানেন না। এ ছাড়া চূড়ান্ত প্রতিবেদনে ফয়সাল মাহমুদ, শওকত রাসেল ও নাইমুর রহমানকে অব্যাহতির সুপারিশ করা হয়।
এবারও চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করতে আদালতে নারাজির আবেদন করবে রাষ্ট্রপক্ষ। চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অজ্ঞাতপরিচয় জঙ্গিদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধারের মামলায় চূড়ান্ত প্রতিবেদন হতে পারে না। পুলিশকেই বের করতে হবে কে বা কারা বিস্ফোরকগুলো এনেছিলেন। ঘটনার দিন দুজন পুলিশ সদস্যও আহত হয়েছিলেন। তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতে আবারও আবেদন করা হবে। জঙ্গি মামলায় চূড়ান্ত প্রতিবেদন হলে জঙ্গিদের বিস্তার ঠেকানো যাবে না।