সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজের বিরুদ্ধে বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন প্রধান শিক্ষকের সই করা একটি অভিযোগপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত অর্থবছরে উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র ও বৃহত্তর মেরামত এবং উন্নয়নে বিভিন্ন অঙ্কের অর্থ বরাদ্দ হয়। এর মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক সর্বোচ্চ এক লাখ ও সর্বনিম্ন ২০ হাজার টাকা করে বরাদ্দ ছিল। একই সঙ্গে ২৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সংস্কার খাতে বিদ্যালয়প্রতি ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী পুরো টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ এই টাকা ব্যাংকে জমা দেওয়ার পর প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ভ্যাটের কথা বলে সাড়ে তিন হাজার টাকা করে মোট ৯ লাখ ৭৩ হাজার টাকা আদায় করে আত্মসাৎ করেন।
বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ওই কর্মকর্তা গত এপ্রিল মাসে উপজেলার ২০৪ জন শিক্ষকের কাছ থেকে টাইম স্কেলের জন্য এক হাজার টাকা করে ২ লাখ ৪ হাজার টাকা আদায় করেন। এ ছাড়া পঞ্চম শ্রেণির প্রথম সাময়িক ও মডেল টেস্ট পরীক্ষার নাম করে প্রশ্ন ও খাতা সরবরাহের জন্য শিক্ষকদের মাধ্যমে ছাত্রপ্রতি ৩৫ টাকা হারে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা ফি আদায় করে আত্মসাৎ করেন।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের বদলি, বিনোদন, মাতৃত্ব ও চিকিৎসাজনিত ছুটি এবং প্রেষণসহ সব বিষয়েই মোটা অঙ্কের টাকা ঘুষ নেন। কোনো শিক্ষক টাকা দিতে না চাইলে তাঁকে নানাভাবে হয়রানি ও অশোভন আচরণ করে থাকেন। শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় ২৭৮ জন শিক্ষকের ছয় মাসের নাশতা খাতের ৪৩ হাজার ৩৬৮ টাকা না দিয়ে আত্মসাৎ করেছেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তিনি বদলি ও বরখাস্ত করার হুমকি দেন। এ কারণে বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বরাদ্দ টাকা সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। ভ্যাট আদায় না করায় ওই টাকা উত্তোলন করে জমা রাখা হয়েছে। নিয়মনীতি মেনেই কাজ করা হয়েছে। অবৈধভাবে কোনো টাকা আত্মসাৎ করা হয়নি। কিছু শিক্ষক অন্যায়ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’