রাজধানীর আগারগাঁওয়ে গতকাল শনিবার দুর্বৃত্তরা মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের একটি পরিবেশক প্রতিষ্ঠানের একজন কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আহত ওই কর্মীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত টাকা মোহাম্মদপুরে বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জেন ইন্টারন্যাশনালে জমা দিতে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের তিন কর্মী—সাইদুর রহমান, রাজু হাসান ও ফারুক হোসেন। বেলা আড়াইটার দিকে তাঁদের মাইক্রোবাসটি আগারগাঁওয়ের তালতলা মহিলা কলেজের সামনে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ গতি রোধ করে। এ সময় মাইক্রোবাসের চালক অটোরিকশাচালকের কাছে জানতে চান, রাস্তার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো? এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে সাইদুরের পায়ে গুলি লাগে। তবে রাজু ও ফারুক আহত হননি। একপর্যায়ে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা মাইক্রোবাসে থাকা ব্যাগভর্তি প্রায় ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। সাইদুরকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। পুলিশ ছিনতাইয়ে জড়িত সন্দেহে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
বিকাশের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জেন ইন্টারন্যাশনালের কর্মীরা টাকা বহন করছিলেন। তাঁরা বিকাশের কর্মী নন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
তবে এ বিষয়ে জেন ইন্টারন্যাশনালের কারও বক্তব্য পাওয়া যায়নি।
রাতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এক মাস আগে আগারগাঁওয়ের একই স্থানে ১০ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় রাজুকে আসামি করে মামলা হয়েছিল। ওই মামলায় সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, গতকালের ছিনতাইয়ের ঘটনায় তিনি জড়িত। রাজুকে জিজ্ঞাসাবাদ করে টাকা ছিনতাইয়ের পুরো চক্রকে শনাক্ত করা হবে।
ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু: ছুরিকাঘাতে আহত নির্মাণশ্রমিক মদন চন্দ্র রায় ওরফে মধু চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে গত শুক্রবার রাতে মারা গেছেন।
বাড্ডা থানার পুলিশ বলেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার রামপুরার বনশ্রীতে কাজ শেষ করে বাড্ডার দক্ষিণ আনন্দনগরের বাসায় ফিরছিলেন মদন ও তাঁর ভাই তপন চন্দ্র রায়। আফতাবনগরের ছাইতানতলি আনসার ক্যাম্পের কাছে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। এ সময় তাদের ছুরিকাঘাতে দুই ভাই আহত হন। তাঁদের সঙ্গে থাকা সাড়ে সাত হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন আহত দুই ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে মদনকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ঘটনাটি ছিনতাই, না অন্য কোনো বিরোধে হামলা হয়েছিল, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মদনের লাশ দিনাজপুরে তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
দুজনকে ছুরিকাঘাত, ছিনতাই: গতকাল আলাদা দুটি ছিনতাইয়ের ঘটনায় আহত দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে একটি বেসরকারি হাসপাতালের কর্মী ওমর শরীফ (৪০) পুরান ঢাকার সদরঘাট থেকে রিকশায় শান্তিনগরে যাচ্ছিলেন। এ সময় সিদ্দিক বাজারে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে ছুরিকাঘাত করে ছয় হাজার টাকা নিয়ে যায়।
গতকাল ভোরে আবদুর রশিদ (৩২) নামের এক যুবক রিকশায় কারওয়ান বাজার থেকে মহাখালী যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেসের সামনে ছিনতাইকারীরা তাঁর রিকশাটিকে থামায়। এ সময় তারা ছুরিকাঘাত করে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক দুটি ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের দুটি ঘটনা সংশ্লিষ্ট দুই থানাকে জানানো হয়েছে।