১৫টি বোমা মেশিন ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৫টি অবৈধ পাথর তোলার যন্ত্র (বোমা মেশিন) আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে একটানা তিন ঘণ্টা চলে এ অভিযান।

টাস্কফোর্স সূত্রে জানা গেছে, বোমা মেশিন মাটির গভীর থেকে পাথর উত্তোলনের একটি যন্ত্র। উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারটিলার ব্যবহারের মাধ্যমে এ যন্ত্র দিয়ে মাটির প্রায় ৪০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ কারণে উচ্চ আদালতের নির্দেশে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিতে এটি নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন পাথর কোয়ারিতে এটি গোপনে ব্যবহার করা হয়।

সম্প্রতি শ্রীপুর পাথর কোয়ারি ইজারাবহির্ভূত থাকায় প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন শুরু করেন। এভাবে পাথর তোলার খবর পেয়ে গতকাল টাস্কফোর্স সেখানে অভিযান চালায়।

সিলেটের রেভিনিউ ডেপুটি কালেক্টরেট (আরডিসি) আশরাফ আহমদ রাসেলের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে পুলিশসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও ছিলেন। অভিযানে পাথর কোয়ারিগুলো চিহ্নিত করে ১৫টি বোমা মেশিন জব্দ করা হয়। পরে সেগুলো পাথর কোয়ারি এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।