১৫০ টাকার জন্য সেবা না পেয়ে শিশুর মৃত্যু
রংপুরের বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের মানুষকে সেবা দেওয়ার জন্য এলজিএসপি-২ (স্থানীয় সরকার সহায়তা প্রকল্প) প্রকল্পের টাকায় অ্যাম্বুলেন্স কেনা হয়েছিল। কিন্তু সেবা দেওয়ার পরিবর্তে ওই অ্যাম্বুলেন্স দিয়ে ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্ধারিত ভাড়া দিতে না পারায় এক মুমূর্ষু শিশুকে ওই অ্যাম্বুলেন্সে বদরগঞ্জ থেকে রংপুরে নিয়ে যাওয়া হয়নি। শিশুর পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্সের কারণে যথাসময়ে হাসপাতালে নিতে না পারায় শিশুটি মারা গেছে। গত বুধবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় চম্পাতলী ধাপপাড়া গ্রামের বাবলু মিয়ার আড়াই মাসের ছেলে আরিফুল হককে গত মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন সকাল নয়টায় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হেমন্ত রায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি অচল থাকায় শিশুটি হাসপাতালেই পড়ে থাকে। দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসে দামোদরপুর ইউনিয়নের অ্যাম্বুলেন্স।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অ্যাম্বুলেন্স চালক রংপুর যেতে শিশুর স্বজনদের কাছে ৮৫০ টাকা ভাড়া চান। কিন্তু শিশুটির বাবার কাছে ছিল ৭০০ টাকা। তিনি চালককে ওই টাকায় শিশুটিকে হাসপাতালে নিতে অনুরোধ করেন। কিন্তু চালক ওই টাকায় নিতে রাজি হননি। তখন শিশুর এক স্বজন ইউপি চেয়ারম্যান আজিজুল হককে ফোন করেন। কিন্তু তিনিও ৮৫০ টাকার কমে অ্যাম্বুলেন্স রংপুরে যাবে না বলে জানিয়ে দেন। বিষ্ণুপুর ইউনিয়নের এলজিএসপি প্রকল্পাধীন অ্যাম্বুলেন্সে দুপুরের পর শিশুটিকে রংপুর নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা বাবলু মিয়া অভিযোগ করেন, ‘সঠিক সময়ে শিশুটিকে হাসপাতালে না নেওয়ায় সেখানকার চিকিৎসকেরা আমাদের গালিগালাজ করেছেন। কিন্তু মাত্র ১৫০ টাকার জন্য আমার ইউনিয়নের অ্যাম্বুলেন্সটি আমার বাচ্চাটাকে নিয়ে যায়নি।’অ্যাম্বুলেন্সের চালক মুকুল বলেন, ‘অ্যাম্বুলেন্সের ভাড়া চেয়ারম্যান সাহেব ঠিক করে দিয়েছেন। আমার করার কিছু ছিল না।’
ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘ইউনিয়ন পরিষদই অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করেছে। আমি শিশুটির স্বজনদের তেল খরচটা দিতে বলেছিলাম। তারপর কী হয়েছে আমি জানি না।’ তিনি দাবি করেন, শিশুটির স্বজনেরা ৭০০ টাকা নয়, তাঁকে ৫০০ টাকা ভাড়া দেওয়ার কথা বলেছিল।