
সংরক্ষিত পুরাকীর্তি ঘোষিত বগুড়ার ঐতিহ্যবাহী নওয়াব প্যালেসের প্রাচীন জয়তুনগাছটি গতকাল রোববার কেটে ফেলা হয়েছে। গাছটি বিক্রি করেছেন নওয়াব প্যালেসের মালিকানা দাবিদার শহরের তিন ব্যবসায়ী।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর স্মৃতিবিজড়িত বগুড়ার নওয়াব প্যালেসকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে এক বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়। ওয়াক্ফ এস্টেটভুক্ত প্রায় ২০০ বছরের প্রাচীন মুসলিম স্থাপত্য ঐতিহ্য নওয়াব প্যালেস হস্তান্তরযোগ্য না হলেও একে পৈতৃক সম্পত্তি দেখিয়ে সম্প্রতি নওয়াব পরিবারের উত্তরসূরি সৈয়দ মোহাম্মদ আলীর দুই ছেলে সৈয়দ হাম্মাদ আলী ও সৈয়দ হামদে আলীর কাছ থেকে গত বছরের ১৫ এপ্রিল দলিল সম্পাদন করে নেন বগুড়ার তিন ব্যবসায়ী। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে এবং জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মাছুদুর রহমান, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি এ টি এম শফিকুল হাসান এবং সাবেক সহসভাপতি আবদুল গফুর। শহরের প্রাণকেন্দ্র সাতমাথার অদূরে করতোয়া নদীর তীরবর্তী ১ দশমিক ৫৫ একর আয়তনবিশিষ্ট নওয়াব প্যালেসের বিক্রয়মূল্য উল্লেখ করা হয় মাত্র ২৭ কোটি ৪৫ লাখ টাকা।
গতকাল দুপুর ১২টার দিকে নওয়াব প্যালেসে গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক জয়তুনগাছটি কেটে ফেলছেন। কয়েকজন দর্শনার্থী বলেন, কয়েক দিন ধরেই শতবর্ষী গাছটি কাটার আয়োজন চলছে। প্রথমে ডালপালা কাটা হয়। এরপর শনিবার গোড়ায় করাত লাগানো হয়। শ্রমিকেরা জানান, স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে গাছটি ২৮ হাজার টাকায় বিক্রি করেছে মালিকপক্ষ।
মালিকদের পক্ষ থেকে জাহিদুল ইসলাম দাবি করেন, গত ৩০ মার্চের ঝড়ে গাছটি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হলে রাজশাহী বিভাগের মহাপরিচালক নাহিদ সুলতানা গাছ কাটার অনুমতি দেন।
জানতে চাইলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর শুধু নওয়াব প্যালেসকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করেছে। এর বাইরে প্যালেসে যেসব স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে, সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হেফাজতে নিতে অধিগ্রহণ করা প্রয়োজন। কিন্তু প্যালেসের মালিকানা দাবিদাররা সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণ সম্ভব হচ্ছে না। এখন জায়গাটি ওয়াক্ফ সম্পত্তি হয়ে থাকলে গাছ কাটার বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের।