১৫০টি সরকারি গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে কাটাগাড়ী-দেওড়া সড়কের শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
সিরাজগঞ্জের তাড়াশে কাটাগাড়ী-দেওড়া সড়কের শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী-দেওড়া সড়কের দুই লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সামাদের নির্দেশে এলাকার প্রভাবশালীরা গাছগুলো কেটে নিয়েছেন।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী-দেওড়া সড়কের দুই পাশে সরকারিভাবে ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। ইউপি চেয়ারম্যান আবদুস সামাদের নির্দেশে স্থানীয় প্রভাবশালীরা নিজেদের দাবি করে সোয়া কিলোমিটার দীর্ঘ সড়কের ১০৫টি ইউক্যালিপটাস ও ৪৫টি পেয়ারাগাছ বিক্রি করে দেন। রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের কাঠ ব্যবসায়ী মাসুদ মিয়া দেড় লাখ টাকায় গাছগুলো কেনেন। গত বৃহস্পতিবার সকাল থেকেই মাসুদের লোকজন গাছ কাটা শুরু করেন। স্থানীয় লোকজন বিষয়টি সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আক্তার হোসেনের কাছে অভিযোগ দেন। তার পরও গাছগুলো কেটে ফেলা হয়।
এ ব্যাপারে দেশীগ্রাম সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ‘এটি সরকারি সড়ক, এখানে জনগণের কোনো জমি নেই। সেই কারণে গাছ কাটা বন্ধ রাখার জন্য বলা হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে এলাকার ১০-১১ জন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যানের ইন্ধনে গাছগুলো কাটা হয়েছে। এসব গাছের মূল্য দুই লাখ টাকার বেশি হবে।
চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, ‘সড়কের গাছ স্থানীয় মহব্বত আলীর সীমানার মধ্যে পড়েছে। এ জন্য তিনি সেগুলো কেটেছেন। এটা তো অন্যায় নয়।’
এ ব্যাপারে মহব্বত আলী দাবি করেন, ‘গাছগুলো আমার ও আমার স্বজনদের জায়গায় পড়েছে। তাই সেগুলো বিক্রি করেছি।’
এলজিইডির উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, ওই সড়কটি ২৪ ফুট প্রশস্ত। পাঁচ-ছয় বছর আগে সোয়া কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে সরকারিভাবে গাছগুলো লাগানো হয়। গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে বলে তিনি শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, বিষয়টি জানার পর গাছগুলো জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।