১৬ দিন পর মাটির নিচ থেকে লাশ উদ্ধার, ছেলে পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু গ্রামে বাবাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার ১৬ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম এ এস এম মুসার উপস্থিতিতে নিহত একরামুল হকের লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়।
সদর থানার এসআই মাহবুব হোসেন বলেন, গত ২২ সেপ্টেম্বর রাতে চকঝগড়ু গ্রামের একরামুল হককে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন তাঁর ছেলে সোহেল রানা। ঈদের পর থেকে সোহেল পলাতক। বুধবার সোহেল অজ্ঞাত স্থান থেকে ফোন করে তাঁর বড় চাচাকে ঘটনা খুলে বলেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই মাহবুব আরও জানান, এ ব্যাপারে নিহতের বড় ভাই হাসান আলী বাদী হয়ে সোহেল রানা ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের মামাতো ভাই ও বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ঘটনার কিছুদিন আগে পারিবারিক কলহের জের ধরে একরামুল হক তাঁর স্ত্রীকে মৌখিক তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল রানা এ ঘটনা ঘটিয়েছে এবং মোবাইল করে তা স্বীকারও করেছে।
নিহতের বড় ছেলের (জামাল উদ্দীন) স্ত্রী খালেদা বেগম জানান, ঘটনার দিন রাতে বাড়ির সবাইকে খাবার পানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। সেই রাত থেকে শ্বশুরের কোনো খোঁজ পাওয়া যায়নি।