টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে পোশাকশ্রমিককে ধর্ষণের মামলায় ১৬ মাসেও অভিযোগ গঠন হয়নি। এই মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির মধ্যে একজন গতকাল বুধবারই জামিন পেয়েছেন।
গত শুক্রবার চলন্ত বাসে বহুজাতিক প্রতিষ্ঠানের তরুণী কর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনা আলোচনার মধ্যেই গত বছরের ওই ঘটনাটি আবারও সামনে এল।
১ এপ্রিল ওই পোশাকশ্রমিক চলন্ত বাসে ধর্ষণের শিকার হন। মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বিনিময় সার্ভিসের বাসচালক হাবিবুর রহমান, সুপারভাইজার রেজাউল করিম ওরফে জুয়েল এবং চালকের সহকারী আবদুল খালেক ঘটনার পরপরই গ্রেপ্তার হন। তাঁরা কারাগারে রয়েছেন। অভিযোগপত্রভুক্ত অপর আসামি মো. আশরাফুল পলাতক।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, কারাগারে আটক তিন আসামি গতকাল আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. আব্দুল মান্নান বাসের সুপারভাইজার রেজাউল করিমের জামিন মঞ্জুর করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নাসিমুল আক্তার জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই পোশাকশ্রমিক ধনবাড়ীর দত্তবাড়ী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ১ এপ্রিল সকালে গাজীপুরের সফিপুর এলাকায় তাঁর কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ভোর পাঁচটার দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ডে আসেন। ঢাকাগামী একটি বাসে ওঠার পর দেখতে পান আর কোনো যাত্রী নেই। বাসটি তাঁকে একা নিয়েই ঢাকার উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজার তাঁর কাছে আসেন। এ সময় চালকের আরেকজন সহকারী বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় চিৎকার দিলে তাঁরা গামছা দিয়ে মেয়েটির মুখ বেঁধে ফেলেন। পরে বাসের পেছনের আসনে নিয়ে ধর্ষণ করেন।
পরে ওই পোশাকশ্রমিককে মধুপুর উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে ময়মনসিংহ সড়কে নামিয়ে দেওয়া হয়। তখন ওই পোশাকশ্রমিক বুঝতে পারেন বাসটি ঢাকার দিকে না গিয়ে ময়মনসিংহের দিকে গেছে। পরে পাশের এক বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নেন। মুঠোফোনে গাজীপুরের সফিপুরে স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। স্বামীর পরামর্শে তিনি মধুপুর থেকে বাসে করে সফিপুরে চলে যান।
ওই পোশাকশ্রমিকের স্বামী পেশায় লেগুনাচালক। তিনি স্ত্রীর কাছে ঘটনা শুনে টাঙ্গাইলের কয়েকজন পরিবহন শ্রমিকনেতার সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা বিচারের আশ্বাস দিলে স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে আসেন। টাঙ্গাইল পরিবহন শ্রমিক অফিসে ধনবাড়ীর কয়েকজন পরিবহন শ্রমিককে হাজির করা হলে তাঁদের মধ্য থেকে তিনজনকে চিহ্নিত করেন ওই পোশাকশ্রমিক। পরে শ্রমিকনেতারা বিষয়টি মামলা না করে সালিস বৈঠকে মীমাংসার জন্য চাপ দেন। একপর্যায়ে তিনি স্ত্রীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং পুলিশকে বিষয়টি জানান। পরে স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।
জানতে চাইলে টাঙ্গাইল জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় জড়িত শ্রমিকদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন।
পুলিশ ১ এপ্রিল রাতেই বাসের চালক হাবিবুর রহমান (৩৪), চালকের সহকারী খালেক আলী ওরফে ভুট্টো (৩০) এবং সুপারভাইজার রেজাউল করিমকে (৩৫) গ্রেপ্তার করে। তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, তদন্ত শেষে এক মাসের মধ্যেই মামলাটির তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) হাসান মোস্তফা আদালতে অভিযোগপত্র দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নাসিমুল আখতার বলেন, মামলাটির অভিযোগপত্রভুক্ত আসামি আশরাফুল এখনো পলাতক রয়েছেন। তাঁকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদালতে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পরই অভিযোগ গঠনের শুনানি হবে।