১৬ যুবক ১৯ মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ গিয়ে সংসারে স্বাচ্ছন্দ্য আনার স্বপ্ন দেখেছিলেন বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলার ১৬ বেকার যুবক। সেই স্বপ্ন বাস্তব করতে মানব পাচারকারী দালালের মাধ্যমে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি জমান তাঁরা। এরপর ১৯ মাস পেরিয়েছে। আর কোনো সন্ধান নেই তাঁদের। মানুষগুলো আদৌ বেঁচে আছেন কি না, তা-ও জানে না পরিবার।
এই যুবকেরা হলেন ধুনটের বিলকাজুলী গ্রামের শাহজাহান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), নবীনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৬), শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ফোরহাদ হোসেন (২৫), ইউসুফ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০), ছকুমুদ্দিনের ছেলে আবুল কালাম (২৫), খানপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ফিরোজুল ইসলাম (২৮), দুখা মণ্ডলের ছেলে আল মাহমুদ (২৭), সবুর উদ্দীনের ছেলে আল আমিন (২৫), ফজর আলীর ছেলে দুলাল হোসেন (২৬), দড়ি খাগা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মামুন হোসেন (২৭), আবু কালামের ছেলে আহতাব আলী (৩০), নছিমুদ্দীনের ছেলে শাহাদৎ হোসেন (২৮), বোয়ালকান্দি গ্রামের মালা বক্সের ছেলে রেজাউল ইসলামসহ (২৯) মোট ১৬ জন।
ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ী বাঙ্গালী নদীর দক্ষিণে শেরপুরের চৌবাড়ীয়া গ্রাম। সাংবাদিক আসার খবরে গত ২৪ মে সকালে গ্রামের আবুল কালামের বাড়িতে জড়ো হন ওই গ্রামের নিখোঁজ তিন যুবকসহ ধুনটের নিখোঁজ দুজনের পরিবারের সদস্যরা। কথা হয় অসহায় এ মানুষগুলোর সঙ্গে। কিছু জানতে চাওয়ার আগেই অবশ্য নিখোঁজ ব্যক্তিদের স্ত্রী, সন্তান আর মায়েদের কান্নায় ভারী হয়ে আসে পরিবেশ।
তারপরও নিজেকে সামলে ধুনটের বিলকাজুলী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী জুলেখা খাতুন বলেন, সংসারে অভাব থাকায় জীবিকার তাগিদে তাঁর স্বামী মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে পাশের শেরপুরের বোয়ালকান্দি গ্রামের দালাল গাজিউর রহমান ও তাঁর জামাই শালপা গ্রামের রনি মিয়ার সঙ্গে এ নিয়ে তিনি কথা বলেন। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পরই তাঁদের ২ লাখ ৮০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়। এক বিঘা জমি বিক্রি করে টাকাটা জোগাড় করা হয়। ট্রলার ছাড়ার পর স্বামীর সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। তখন স্বামী জুলেখা খাতুনকে বলেছিলেন, মালয়েশিয়া পৌঁছাতে সাত-আট দিন লাগবে। এরপর আর কথা হয়নি।
নবীনগর গ্রামের নজরুলের মা চাম্পা খাতুন বলেন, ‘আদম ব্যাপারী রনির কাছে আমার ছেলের খবর জানতে চাইছিলাম। হে ক্ষিপ্ত হয়া আমাইগরে মারতে আইছিল। রনির শ্বশুর গাজিউর রহমান কনে গেছে, তা-ও কয় না।’
শেরপুরের চৌবাড়িয়া গ্রামের ফোরহাদ হোসেনের স্ত্রী মর্জিনা খাতুন জানান, সংসার চলত না। তাই তাঁর স্বামী বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় পাশের গ্রামের গাজিউর ও তাঁর জামাই রনি কম খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখান। মালয়েশিয়া যাওয়ার পরে টাকা দেওয়ার কথা ছিল। এমন সুযোগ দেখে আশপাশের আর কাউকে না জানিয়ে গোপনে তাঁর স্বামী গাজিউর আর রনির সঙ্গে চলে যান। ট্রলারে চড়ার পর একবার তাঁর সঙ্গে মুঠোফোনে কথা হয় ফোরহাদের। এরপর গত ১৯ মাসে আর কোনো যোগাযোগ নেই। ট্রলার থেকে স্বামী মর্জিনাকে বলেছিলেন, চিন্তার কিছু নেই। ধুনট আর শেরপুরের ১৬ জন তাঁরা একসঙ্গে আছেন।
ভুক্তভোগী এসব পরিবারের সূত্রে আরও জানা যায়, মানব পাচারকারী গাজিউর ও তাঁর জামাই রনি এত দিন এলাকাতেই ছিলেন। কিন্তু ইদানীং পত্রিকায় মানব পাচারের খবরে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এরপর থেকে শ্বশুর-জামাই গা ঢাকা দিয়েছেন। তাই আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ যুবকদের পারিবারিক সূত্রে জানা যায়, শেরপুরের চৌবাড়িয়া গ্রামের পাশের গ্রাম বোয়ালকান্দি ও শালপা। ধুনটের বিলকাজুলী ও নবীনগরও কাছেই। কাজেই ধুনট ও শেরপুরের নিখোঁজ ১৬ যুবকের সবারই পরিচিত ছিলেন গাজিউর ও রনি। ওই ১৬ যুবকের অভাবের সুযোগ নিয়ে বিনা খরচে তাঁদের মালয়েশিয়া নেওয়ার টোপ দেন শ্বশুর ও জামাই। চুক্তি মোতাবেক এসব যুবক মালয়েশিয়া পৌঁছার পর পরিবারের লোকজনকে জানালে দালালকে তিন লাখ টাকা করে দিতে হবে। ২০১২ সালের ৩০ অক্টোবর এসব যুবক মালয়েশিয়া যেতে বাড়ি থেকে রওনা হন। পরদিন ১ নভেম্বর রাতে টেকনাফ ঘাট থেকে মুঠোফোনে প্রত্যেক যুবক নিজ নিজ পরিবারকে ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা জানান। এরপর থেকে এসব যুবকের আর কোনো খোঁজ না পেয়ে শোকে কাতর হয়ে পড়েছেন তাঁদের পরিবার-পরিজনেরা। সম্প্রতি থাইল্যান্ডে গণকবর ও সাগরে ভাসমান নৌকার সন্ধান পাওয়ার পর পরিবারগুলোতে চলছে মাতম। কিন্তু আপনজনদের আরও বেশি ক্ষতির আশঙ্কায় পাচারকারীদের বিরুদ্ধে কেউ প্রশাসনের কাছে অভিযোগও করতে সাহস পাচ্ছেন না।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও ধুনটের ওসি জিয়াউর রহমান বলেন, প্রথম দিকে কয়েকজন যোগাযোগ করেছিলেন। পরে তারা যোগাযোগ রাখেননি।