১৬ লাখ টাকা ঘুষ নিয়ে দপ্তরি নিয়োগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার খাজা শাহ্ সূফী ইউনূস আলী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৬ লাখ টাকা ঘুষ নিয়ে দুজন দপ্তরি নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ব্যবস্থাপনা কমিটির এক সদস্য। গত বুধবার বিকেলে ওই দুই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১ মে বিদ্যালয়ের এমএলএসএস (দপ্তরি/নৈশপ্রহরী) দুটি পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। ১০ জন প্রার্থী ওই পদগুলোর জন্য আবেদন করেন। গত বুধবার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জন অংশ নেন। তাঁদের মধ্যে আবদুল আওয়াল ও মো. বোরহান উদ্দিনকে নিয়োগ বোর্ড উত্তীর্ণ ঘোষণা করে।

পাঁচ সদস্যের ওই নিয়োগ বোর্ডে ছিলেন জামালপুরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঢাকা বোর্ডের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি সুলতানা রাজিয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল আলিম ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মতিউর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, ১০ জন প্রার্থীর মধ্যে আবদুল আওয়াল ও মো. বোরহান উদ্দিনের কাছ থেকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক ৮ লাখ করে ১৬ লাখ টাকা নেন। টাকা নিয়ে তাঁদের নিয়োগ দিতে অবৈধভাবে প্রক্রিয়া শুরু করেন তাঁরা। তবে টাকা নেওয়া এবং প্রার্থী আবদুল আওয়াল ও মো. বোরহান উদ্দিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি আগেই বিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ে। পরে অবৈধ নিয়োগ-প্রক্রিয়াটি বন্ধে ১২ জুন ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেন। কিন্তু এতেও কোনো লাভ হয়নি। গত বুধবার নির্ধারিত ওই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল আলিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ করা হচ্ছে।’ টাকা নিয়ে আপনার নির্ধারিত প্রার্থীকেই চাকরি দেওয়ার বিষয়টি পরীক্ষার আগেই লোকজন জানলেন কীভাবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘লোকজনের একটি ধারণা থেকে বলতে পারেন।’ যাঁদের কথা আগেই ছড়িয়ে পড়েছিল, তাঁরা দুজনই পরীক্ষায় উত্তীণ হলেন কেন—এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে কথা বলার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘টাকা নিয়ে নিয়োগ-প্রক্রিয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের পর নিয়োগ কমিটির ডিজি প্রতিনিধিকে বিষয়টি আমি অবহিত করেছিলাম। কোনো বিষয়ে মামলা অথবা অভিযোগ এলে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ-প্রক্রিয়া বন্ধ রাখতে হয়। কিন্তু তাঁরা কী সিদ্ধান্ত নিয়েছেন, এখনো আমাকে জানাননি।’