কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতাবাড়ীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় গত রোববার রাতে মামলা হয়েছে।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মুজিবুর রহমান মহেশখালী থানায় এ মামলা করেন। মামলায় মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ; আওয়ামী লীগের কর্মী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বশির আহমদ এবং আবদুল হামিদ; আওয়ামী লীগের কর্মী কাউসার সিকদার; বিএনপির কর্মী এস্তেফাজুল হক, মনজুরুল কাদের চৌধুরী, আনছারুল করিম ও মানিক চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে মামলার আসামি করা হয়।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়।
গত রোববার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এম এম মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি দল ৭০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য হুকুম দখল করা জমি জরিপ করতে গেলে মাতারবাড়ী ইউনিয়নের খন্দারবিল গ্রামে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে মাহমুদুর রহমানসহ ১০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী আহত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ওই মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান ও মো. নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।