১৭ জেএমবি সদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সিরিজ বোমা হামলার মামলায় ১৭ জন জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন গতকাল আদালতে উপস্থিত ছিলেন। এঁরা হলেন: মো. রোকনুজ্জামান রোকন, মো. মামুনুর রশিদ মামুন, আরিফুর রহমান আরিফ ওরফে হাসিব, মো. নিজাম উদ্দিন ওরফে রেজা, আসাদ ওরফে জাহাঙ্গীর, নুরুল হুদা ওরফে দুরুল, মো. মাহবুবুল আলম, মো. জহিরুল ইসলাম, আফজাল হোসেন ওরফে আদম, কাওসার ও ওমর ফারুক। বাকি ছয়জন পলাতক। এঁরা হলেন: রাসেল, আবদুল কাফি, এম এ সিদ্দিক বাবলু, আবদুস সাত্তার ওরফে রানা, আবদুর রউফ ওরফে মাসুম এবং ওবায়েদ ওরফে রায়হান গত ১০ বছর ধরেই পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আসামি হাসান, মাহবুবুর রহমান, নুরুল ইসলাম ওরফে জোবায়ের ও তৈয়বুর রহমান ওরফে হাসানকে খালাস দিয়েছেন বিচারক।
নিজেদের অস্তিত্বের ঘোষণা দিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার বিভিন্ন স্থানে একযোগে বোমা হামলা চালায়। এদিন সকালে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়সহ জয়দেবপুর থানার নয়টি স্থানে একযোগে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করে। তদন্ত শেষে ওই বছর ১২ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে গতকাল বিচারের রায় ঘোষণা করেন আদালত। দণ্ডিতদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে জয়দেবপুর থানাধীন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, পূর্ব চান্দনা চৌরাস্তা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের পাশে, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শহীদ মিনারের সামনে, শিমুলতলী বাসস্ট্যান্ডে, জয়দেবপুর বাজার কালীমন্দিরের প্রবেশপথে, ডুয়েটের এস এম হলের সামনে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে এবং বোর্ডবাজার আলাউদ্দিন টেক্সটাইল মিলের ফটকে এসব বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।