১৭ জেলায় গ্রেপ্তার ২৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালে পুলিশ ও যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে রোববার দিবাগত গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৭ জেলায় আরও অন্তত ২৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
গাজীপুর: গতকাল সন্ধ্যায় সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিবিরের ৩৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে চারটি তাজা ককটেল, সরকারবিরোধী প্রচারপত্র, বই ও ব্যানার উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, শিবির কর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই কোচিং সেন্টারে জড়ো হয়েছিলেন।
গত সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে গতকাল সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে এলাকাবাসী আটক করেন। পরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সিলেট: নগরে গতকাল ভোরে ও দুপুরে দুই দফা অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে জিন্দাবাজার এলাকায় মহানগর ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য জাহেদ তালুকদারের নেতৃত্বে একটি মিছিলের প্রস্তুতি নিলে জাহেদসহ সাতজনকে এবং ভোরে নগরের কুমারপাড়া, ঝরনারপাড় ও বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার রাতে তাঁদের সিলেট শহরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ ও বিশ্বনাথে লামাকাজী এলাকা শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম: পৃথক অভিযানে ৩১টি পেট্রলবোমা, নাশকতার সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের টাইগার পাস এলাকা ও জেলার হাটহাজারী থেকে তাঁদের গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তাঁদের মধ্যে সাতজন শিবিরের নেতা-কর্মী।
এদিকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত সোমবার রাত থেকে গতকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরসরাই উপজেলায় গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে।
সাতক্ষীরা: জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৩ জন কর্মীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল জানান, সোমবার রাত থেকে গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা : সাত উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার রাত নয়টা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী: রেজাউল করিম শিকদার নামের জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের রেলস্টেশনের পাশে ফুলতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক। এ ছাড়া বালিয়াকান্দিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আকিদ হোসেন নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ: সোমবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার বিধান ত্রিপুরা এর সত্যতা নিশ্চিত করেছেন।
নীলফামারী: ডোমার উপজেলায় জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার হংসরাজ গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা: গত সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জামায়াত-শিবির ও বিএনপির ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পিলজংগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্যকে মোদাচ্ছের মল্লিককে পুলিশ গ্রেপ্তার করেছে।
ঝিনাইদহ: গতকাল ভোরে জেলার কালীগঞ্জ, মহেশপুর, হরিণাকুণ্ডু ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, হরতালে নাশকতার আশঙ্কায় তাঁদের আটক করা হয়।
সিরাজগঞ্জ: জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে সোমবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ভৈরব: নাশকতার অভিযোগে কিশোরগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক পরিষদের (জাসাস) সভাপতি বোরহান উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলার বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এক নেতাকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকার একটি বাসা থেকে মুশফিক আল মেহেদী নামে ওই শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং কৃষি অনুষদের স্নাতক শেষ বর্ষের ছাত্র।
এ ছাড়া গতকাল পানায় যুবদলের এক নেতাসহ দুজন এবং লক্ষ্মীপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিবেদক ও প্রতিনিধিরা।]