১৭ জেলায় সংঘর্ষ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদীর রায় ঘোষণার পরপরই রাজশাহী শহরের ডিঙ্গাডোবা এলাকায় হঠাৎ কয়েক মিনিটের জন্য বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই বিক্ষোভকারীরা সরে যান ষ ছবি: প্রথম আলো
সাঈদীর রায় ঘোষণার পরপরই রাজশাহী শহরের ডিঙ্গাডোবা এলাকায় হঠাৎ কয়েক মিনিটের জন্য বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই বিক্ষোভকারীরা সরে যান ষ ছবি: প্রথম আলো

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে তাঁর মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।
দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশের প্রতিবাদে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় অন্তত ১৭টি জেলায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৭০ জন আহত হন। গতকাল এবং আগের রাতে এসব জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৭১ জন নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রায় ঘোষণার পরপরই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে জেলা জামায়াত মিছিল বের হয়। মিছিলকারীরা শহরের ওসমানী সড়ক এলাকায় গিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ইটপাটকেল ছোড়েন। তখন আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন।
রাজশাহী নগরের শালবাগান, বাটামোড়, ডিঙ্গাডোবা ও কাটাখালীতে একযোগে মিছিল বের করে জামায়াত-শিবির। এর মধ্যে শালবাগান ও কাটাখালীতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দুটি ককটেল ফাটানো হয় তখন।
বগুড়ার দুপচাঁচিয়া ও পাবনা শহরেও সংঘর্ষ হয়েছে। পাবনায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের ১০ কর্মী আহত হন। চাঁপাইনবাবগঞ্জের নিমতলা মোড়ে বেশ কয়েকটি ককটেল ফাটানো হয়। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। তখন শিবিরের তিন কর্মী আহত হন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের পিটিআই মোড় ও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের রাজারামপুর মোড়ে অবরোধ সৃষ্টি করেন শিবিরের কর্মীরা। পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায়।
এ ছাড়া নাটোর, নোয়াখালী, ফেনী, সিলেট, ঝালকাঠি, নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। সিলেট নগরের সাতটি স্থানে বেলা সাড়ে ১১টার দিকে একযোগে মিছিল বের করে তারা। এ সময় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
প্রথম আলোর পাওয়া তথ্য অনুযায়ী, এই রায়কে কেন্দ্র করে পাবনায় ২৮ জন, হবিগঞ্জে ২৫, রাজশাহীতে ১৮, ফেনীতে ১৭, কুষ্টিয়ায় ১৩, পটুয়াখালীতে ১১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১০, ঝালকাঠিতে ৯, জামালপুরে ৯, নাটোরে ৫, সিলেটে ৩, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ২, নারায়ণগঞ্জে ২, চাঁপাইনবাবগঞ্জে একজন আটক ও গ্রেপ্তার হয়েছেন।
এঁদের মধ্যে কুষ্টিয়া জেলা জামায়াতের রুকন ইউনুস আলী, পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতের আমির মো. ইসাহাক মিয়া, বাউফল পৌরসভা শাখা জামায়াতের আমির মো. আবদুর রশিদ, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দর্শনা পৌর জামায়াতের আমির আবদুল কাদের, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল আলী, নোয়াখালীর কবিরহাট পৌর জামায়াতের সেক্রেটারি মেজবাহ উদ্দিন রয়েছেন।
এ ছাড়া পটুয়াখালী শহরের আরামবাগ এলাকার একটি ছাত্রাবাস থেকে শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
[প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেট; কুষ্টিয়া, পটুয়াখালী, পাবনা, নোয়াখালী ও ফেনী অফিস; চুয়াডাঙ্গা, বাগেরহাট, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, রামগতি (লক্ষ্মীপুর), বাউফল (পটুয়াখালী), দুপচাঁচিয়া (বগুড়া) ও জামালপুর সংবাদদাতা]