রাজশাহী বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত ১৭ জন দালালকে আটক করেন। আদালতের ম্যাজিস্ট্রেট আলমগীর কবির এদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। তারপর দালালেরা তৎক্ষণাৎ ছাড়া পেয়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহযোগিতায় গতকাল সকালে নগরের শালবাগান এলাকায় অবস্থিত বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ের সামনে থেকে ওই ১৭ জনকে আটক করা হয়।
ভুক্তভোগীরা বলেন, প্রতিদিন ২০০ টাকা জরিমানা করলেও দালালেরা এ অফিস ছেড়ে যাবে না। কারণ তারা একটি পাসপোর্টের জন্য গ্রাহকদের কাছ থেকে ন্যূনতম দেড় হাজার টাকা আদায় করে। তা ছাড়া পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের প্রশ্রয়েই দালালেরা এখানে ব্যবসা করে।
আলমগীর কবির বলেন, এ ধরনের অপরাধের জন্য প্রথমবার সর্বোচ্চ ২৯০ টাকা জরিমানা করার বিধান রয়েছে। তিনি প্রথম দিন হিসাবে ২০০ টাকা জরিমানা করেছেন।
এরপর তারা একই অপরাধ করলে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিধান আছে। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতেই দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। কর্মকর্তাদের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
গত ১৯ আগস্ট পাসপোর্ট কার্যালয়ের একজন কর্মচারী একজন আবেদনকারীকে পিটিয়েছিলেন। পরের দিন প্রথম আলোতে ‘রাজশাহী পাসপোর্ট কার্যালয়/ এবার আবেদনকারীর ওপর হামলা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
গত ৪ জুলাই প্রথম আলোতে ‘দালালের দখলে পাসপোর্ট কার্যালয়’ এবং ‘পাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি বন্ধ না হলে আন্দোলন’ শিরোনামে দুটি খবর প্রকাশিত হয়।
এর আগে গত বছরের অক্টোবরে দালালেরা পুলিশের ওপর হামলা চালায়।