১৭ দিনে ৫২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গত ১৭ দিনে ৫২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এ সময়ে ১২ পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ২১০ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ফেনসিডিল, ৫১১টি ইয়াবা বড়ি ও পাঁচ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় থানায় ৪০টি মামলা হয়েছে।

আজ রোববার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নড়াইলকে অচিরেই মাদকমুক্ত জেলা ঘোষণা করা হবে। এ লক্ষ্যে অভিযান চলছে। এর পাশাপাশি নড়াইল পৌরসভা, নড়াইল সদর থানার শাহাবাদ ইউনিয়ন, লোহাগড়া থানার লক্ষ্মীপাশা ইউনিয়ন, কালিয়া থানার ইলিয়াছাবাদ ইউনিয়ন ও নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নকে ৯০ দিনের মধ্যে মাদকমুক্ত করতে অভিযান চলছে। এ লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ও আশরাফুল আলম, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আশিকুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।