১৭ দিনেও খোঁজ মেলেনি দুই ভাইবোনের

নিখোঁজের ১৭ দিনেও খোঁজ মেলেনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের দুই ভাইবোন, রামনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আছিয়া আক্তার (১৫) ও তার ছোট ভাই রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের (১১)।
নিখোঁজ আছিয়া আক্তার ও শাহাদত হোসেন রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের গোলাম সরোয়ার হোসেন ওরফে নবিরদ্দিনের দুই সন্তান।
গোলাম সরোয়ার বলেন, ‘গত ২৯ জানুয়ারি রোববার আছিয়া বান্ধবীদের সঙ্গে ফরিদপুরে জসীম মেলা দেখতে যাবে বলে আমাকে জানায়। এ সময় শাহাদত বড় বোনের সঙ্গে মেলায় যেতে চায়। মেলায় যাওয়ার কথা বলে সেদিন সকালে দুই ভাইবোন বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টার দিকে আছিয়ার মুঠোফোনে কল দিয়ে সেটি বন্ধ পাই। পরে আছিয়ার বান্ধবীদের সঙ্গে কথা বলে জানতে পারি তারা কেউ মেলায় যায়নি। এরপর আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিয়ে কোথাও তাদের পাইনি। ৯ ফেব্রুয়ারি নগরকান্দা থানায় জিডি করেছি।’
গোলাম সরোয়ার আরও বলেন, ‘নিখোঁজের ১৭ দিন পার হয়ে গেলেও তাদের সন্ধান পাইনি।’
নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ‘এ ব্যাপারে আমরা অনুসন্ধান অব্যাহত রেখেছি।’