১৭ দোকান, চার বাড়িতে ডাকাতি
যশোরের কেশবপুরে গত রবি ও সোমবার রাতে ১৭টি দোকান, দুটি বাড়ি ও তিনটি যানবাহনে ডাকাতি হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী ও সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সোমবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
যশোর: পুলিশ ও এলাকাবাসী জানায়, জেলার কেশবপুর উপজেলার কাস্তা পুরাতন বাজারে রোববার রাতে ১৭টি দোকানে ডাকাতি হয়। কাস্তা বাজারের ব্যবসায়ী আবুল হোসেন গাজি বলেন, তিনিসহ আরও তিনজন ওই রাতে বাজারে পাহারা দিচ্ছিলেন। রাত দেড়টার দিকে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত তাঁদের বেঁধে ফেলে। একপর্যায়ে তারা ১৭টি দোকানে ডাকাতি করে। ডাকাতদের সবার মুখে কালো কাপড় বাঁধা ছিল। ডাকাতেরা তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন সেটও নিয়ে যায়। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, এই বাজারের কাছে দুটি পুলিশ তদন্তকেন্দ্র আছে। পুলিশ তৎপর না থাকায় এত বড় ডাকাতি সংঘটিত হয়েছে।
কাস্তা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোবারেক আলী সরদার দাবি করেন, বাজারের মুকুন্দ গাইনের মুদি দোকান থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা, বুদ্ধদেব সরকারের গয়না তৈরির দোকান থেকে সাড়ে তিন ভরি রুপা, গৌতম মল্লিকের মুদি দোকান থেকে ৪০ হাজার টাকা, শফিউল আলমের মুদি দোকান থেকে আট হাজার টাকা, ছবুর মোড়লের চায়ের দোকান থেকে পাঁচ হাজার টাকা, এরশাদ আলীর ওষুধের দোকান থেকে ৬০ হাজার টাকা, আখতারুজ্জমানের সারের দোকান থেকে ২০ হাজার টাকা, দিলীপ সরকারের মুদি দোকান থেকে আট হাজার টাকা, নাছিরুল মোড়লের ওয়ার্কশপ থেকে ২০ হাজার টাকা, কাশেম শেখের মুদি দোকান থেকে পাঁচ হাজার টাকা, আজিজুর রহমানের মুদি দোকান থেকে পাঁচ হাজার টাকা ও উৎপল মল্লিকের কম্পিউটারের দোকান থেকে আট হাজার টাকা লুট করে।
একই রাত দুইটার দিকে উপজেলার চিংড়া পুলিশ তদন্তকেন্দ্রের কাছে জগদীশ চন্দ্র দে এবং সঞ্জয় কুমার দের বাড়িতে ১২-১৪ জনের একটি ডাকাতদল হানা দিয়ে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, কাস্তা বাজারের ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ করেনি। চিংড়ার ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।
এর আগে রোববার রাতে উপজেলার কেশবপুর-রাজগঞ্জ সড়কের ন্যাংটাখালী নামক জায়গায় রাস্তায় গাছ ফেলে তিনটি যানবাহনে ডাকাতি করা হয়।
ফরিদপুর: সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী সদরের দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা ভূতপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলীমুজ্জামান মোল্লার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে শিক্ষক আলীমুজ্জামান আহত হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার হেতালবুনিয়া গ্রামের হরিদাস গাইনের বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতি হয়। এতে বাধা দেওয়ায় ডাকাতেরা গৃহকর্তার স্ত্রী, ছেলে ও ছেলের বউকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এরপর তারা ৩০ হাজার টাকা ও সোনার গয়না লুট করে।