১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ বছরের সাজাপ্রাপ্ত ও তিন মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ১০ মামলার আসামি মুহাম্মদ রফিক ওরফে বাচাইয়্যা (৫০) অস্ত্রসহ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
১৭ বছরের সাজাপ্রাপ্ত ও তিন মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ১০ মামলার আসামি মুহাম্মদ রফিক ওরফে বাচাইয়্যা (৫০) অস্ত্রসহ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

১৭ বছরের সাজাপ্রাপ্ত ও তিন মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ১০ মামলার আসামি মুহাম্মদ রফিক (৫০) ওরফে বাচাইয়্যাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সাকা চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। আজ শুক্রবার সকালে স্থানীয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে চট্টগ্রামের রাউজানের চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তার গ্রামের বাড়ি থেকে মুহাম্মদ রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ঘর থেকে শটগান ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। জেলার রাউজান, হাটহাজারী, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, লুটপাট, দোকান পুড়িয়ে দেওয়াসহ ১০টি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, বাচাইয়্যা উত্তর চট্টগ্রামের ত্রাস। ১৯৯০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এখানে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এরপর গাজীপুরের টঙ্গীতে আত্মগোপনে ছিলেন। গতকাল গ্রামের বাড়িতে এলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চিকদাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৯৯০ সালের দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর হাত ধরে অধুনালুপ্ত এনডিপির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন রফিক। পরে বিএনপি ও বিভিন্ন দলের ছত্রচ্ছায়ায় রাউজানসহ উত্তর চট্টগ্রামে দীর্ঘ সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চালান।’ ২০০১ সালে রফিক একে ৪৭ দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করেছিলেন বলেও দাবি করেন চেয়ারম্যান প্রিয়তোষ।