১৭ লাখ টাকা নিয়ে উধাও স্টেশনমাস্টার
রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার চাকরি দেওয়ার কথা বলে এলাকার নয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রায় দুই মাস কর্মস্থলে অনুপস্থিত।
স্টেশন সূত্রে জানা গেছে, মাজেদ আলী গত ৫ জুলাই স্বেচ্ছায় অবসর নিতে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে আবেদন করেছেন। ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে, মাজেদ বাংলাদেশ রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে গত দেড় বছরে নয়জনের কাছ থেকে ১৭ লাখ টাকা নেন।
বিষ্ণুপুরের মোস্তাফিজার রহমান অভিযোগ করেন, এক বছর আগে মাজেদ আলীর সঙ্গে তাঁর পরিচয় হয়। মাজেদ তাঁকে রেলের নিম্নপদে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ টাকা চান। তিনি সব মিলিয়ে মোট ১ লাখ ৮০ হাজার টাকা দেন। এরপর চাকরি হবে, হচ্ছে বলে এক বছর ঘুরিয়েছেন। এখন টাকা ফেরত দেওয়ার ভয়ে স্টেশন ছেড়ে পালিয়ে গেছেন।
পীরগাছার সাজু মিয়া বলেন, ‘তিন মাসের মধ্যে চাকরি দেওয়ার কথা বলে স্টেশনমাস্টার আমার কাছ থেকে এক লাখ টাকা নেন। কিন্তু নয় মাসেও চাকরি দিতে না পারলে টাকা ফেরতের জন্য তাঁকে চাপ দিই। এরপর থেকে তিনি আত্মগোপন করেছেন।’
বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের খণ্ডকালীন স্টেশনমাস্টার ছিদ্দিক আলী বলেন, স্টেশনমাস্টার মাজেদ আলী গত ৭ জুন থেকে কাজে আসছেন না। আরেকজনকে চাকরি দেওয়ার নাম করে মাজেদ আলী তাঁর কাছ থেকেও আড়াই লাখ টাকা নিয়েছেন। এরপর টাকা ফেরত চাইলে তিনি তাঁকে (ছিদ্দিককে) একটি চেক দেন। কিন্তু ওই চেক নিয়ে পার্বতীপুরের খোলাহাটী সোনালী ব্যাংক শাখায় গিয়ে দেখা যায় ব্যাংক হিসাবে কোনো টাকা নেই।
ছিদ্দিক আলী আরও বলেন, ‘স্টেশনমাস্টার আত্মগোপন করার পর থেকে আমার ওপর চাপ বেড়েছে। টাকা ফেরত না পেয়ে এখন সবাই এসে আমাকে কথা শোনাচ্ছে এবং বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে। স্টেশনমাস্টারের ফোনও বন্ধ থাকে। তাঁর ভাড়া বাসাতেও তালা ঝুলছে।’
এ ব্যাপারে মাজেদ আলী মুঠোফোনে জানান, কিছু সমস্যা থাকায় তিনি কিছুদিন স্টেশনে যাচ্ছেন না। কিছু লোকের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছেন। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ঠিক নয়। তবে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করার কথা তিনি স্বীকার করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) মোস্তাফিজুর রহমান গতকাল শনিবার মুঠোফোনে বলেন, স্টেশনমাস্টার মাজেদ আলী কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর মাসিক বেতন দুই মাস ধরে বন্ধ রাখা হয়েছে। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে এখন তাঁকে নোটিশ করা হবে। চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তাঁরা পাননি।