১৭ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার, আটক ২
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার রাতের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন জনতা ব্যাংকের তত্ত্বাবধায়ক মোসলেম উদ্দিন (৫০) ও ডলার ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩২)।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের ভাষ্য, গতকাল রাত পৌনে নয়টার দিকে বিমানবন্দর কনকোর্স হল থেকে ডলার ব্যবসায়ী মোহাম্মদ আলীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমানবন্দর জনতা ব্যাংক শাখার তত্ত্বাবধায়ক মোসলেম উদ্দিনকে আটক করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে বলে এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে।