১৭ ল্যাপটপ চুরি সন্দেহে দুই কলেজছাত্র গ্রেপ্তার
অবশেষে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ থেকে ১৭টি ল্যাপটপ চুরির সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বুধবার দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলো ফিরোজ হোসেন (১৭) ও রহিদুল (১৭)। তারা ওই কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক গুরুদাসপুর থানার এক কর্মকর্তা বলেন, গতকাল দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর কৃষি কারিগরি বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওই বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের আটক করে পুলিশে সোর্পদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কলেজের ল্যাবের তালা ভেঙে ল্যাপটপ চুরির কথা স্বীকার করেছে তারা। চুরির সঙ্গে ওই কলেজের কয়েকজন সাবেক, বর্তমান ছাত্রসহ সংঘবদ্ধ চক্রের সদস্যরা জড়িত রয়েছে বলেও তারা পুলিশকে জানিয়েছে। চুরি যাওয়া ল্যাপটপগুলো বগুড়ার নন্দীগ্রাম ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রংপুর সদর উপজেলার চিহ্নিত চক্রের সদস্যের কাছে রয়েছে বলে পুলিশকে জানিয়েছে তারা। ফিরোজ ও রহিদুলকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে তাদের জবানবন্দি রেকর্ড করা হবে। ফিরোজ খুবজীপুর ইউনিয়নের চরপিপলা গ্রামের ও রহিদুল ইসলাম একই ইউনিয়নের পিপলা গ্রামের বাসিন্দা।
কলেজের অধ্যক্ষ রসুল মৃধা বলেন, গত ২১ ফেব্রুয়ারি তাঁর প্রতিষ্ঠানের ল্যাব থেকে ল্যাপটপগুলো চুরি হয়। এ ঘটনায় থানায় ২২ ফেব্রুয়ারি অভিযোগ দেওয়া রয়েছে।
এ নিয়ে ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘কলেজে চুরি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।