১৭ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৪
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৭ হাজার ৩৭৮টি ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে ও গতকাল সোমবার সকালে এসব অভিযান চালানো হয়।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল সকালে নাফ নদীর আড়াই নম্বর স্লুইসগেট-সংলগ্ন আলুগুলার খামার এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫৭৮টি ইয়াবা বড়িসহ মো. ইব্রাহীম (২৬) নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। তাঁকে পুলিশে সোপর্দ করে মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, রোববার রাত ১০টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবা বড়িসহ আমির হোসেন ওরফে আলী (৩৮) ও মো. রবিউল্লাহ ওরফে রুবেল (২৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার রাত আটটার দিকে পুলিশ টেকনাফ পৌরসভার কলেজপাড়া এলাকায় ৩ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ মরিয়ম খাতুন (২৬) নামের এক নারীকে গ্রেপ্তার করে।