১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের আকবর হোসেনের ১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত আকবর হোসেন জানান, তিন বছর আগে গাড়ফা গ্রামের নিজের এক একর জমিতে ধান চাষের পাশাপাশি তিনি ৩০০ আমগাছের কলম লাগিয়েছেন। গত বছর কিছু গাছে আম ধরে। এবার বাকি গাছগুলোতেও আম ধরত। অথচ শুক্রবার রাতে কে বা কারা ১৭টি গাছের গোড়া কেটে ফেলে রেখে গেছে। গত জুলাই মাসেও ওই জমি থেকে দুর্বৃত্তরা ৩৫টি আমগাছ উপড়ে নষ্ট করে এবং পাঁচটি গাছ কেটে ফেলে। আকবর হোসেন বলেন, ‘এসব চারাগাছ যারা কেটেছে তাদের কোনো লাভ হয়নি। কিন্তু আমার তো সর্বনাশ হয়েছে। এটা শুধুই হিংসা করে করা হয়েছে।’
এ ব্যাপারে আকবর হোসেন গতকাল শনিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।