১৭টি ট্রলারে ডাকাতি, ১৪ জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৭টি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা কুপিয়ে ও পিটিয়ে ১৪ জন জেলেকে আহত করেছে। ট্রলারগুলো থেকে নগদ টাকা ও মাছসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান জেলেরা।
সোনার চরের কাছে উত্তর বঙ্গোপসাগরে গত সোমবার রাত চারটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে মো. এনায়েত হোসেন (৩৫), আবদুল কাদের (৪০), কবির হোসেন (৩৪), বাকের মিয়া (৩৮) ও মো. জাহাঙ্গীরের (৩৫) নাম জানা গেছে। এনায়েতের বাড়ি উপজেলার চরমোন্তাজে। অন্য মাঝিদের বাড়ি ভোলার গঙ্গাপুর গ্রামে। আহত অপর নয়জনকে চিকিৎসার জন্য ভোলার চরফ্যাশনে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ জনের মতো ডাকাত ট্রলারগুলোতে হামলা করে। এ সময় তারা কালো কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে রেখেছিল। সশস্ত্র ডাকাতদের দলটি চারটি কালো রঙের শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলারে করে আসে। ডাকাতেরা তিনটি জেলে-ট্রলার থেকে ইঞ্জিন ও অন্য ট্রলারগুলো থেকে ইঞ্জিনের হ্যান্ডেল নিয়ে গেছে। ডাকাতেরা চলে যাওয়ার পর অন্য জেলেদের সহায়তায় আক্রান্ত ট্রলারগুলোকে তীরে নিয়ে যাওয়া হয়।