১৮ কেজি সোনাসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ১৮ কেজি ৩০০ গ্রাম সোনাসহ চারজনকে আটক করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহন থেকে এ সোনা উদ্ধার করে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল সকালে পুলেরহাট এলাকায় অবস্থান নেয়। পরে সাতক্ষীরা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে চার ব্যক্তির জুতার সোল ও কোমরে পেঁচিয়ে রাখা অবস্থায় ১২৬টি সোনার বার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের খুলনার অধিনায়ক (পুলিশ সুপার) হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া সোনার ওজন ১৮ কেজি ৩০০ গ্রাম। ২৪ ক্যারেটের এ সোনার আনুমানিক মূল্য ১৮ কোটি টাকা বলে তিনি দাবি করেন।
হারুন অর রশীদ বলেন, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা বাহক মাত্র। তাঁদের কাছ থেকে পাঁচ লাখ টাকার একটি চেকও উদ্ধার করা হয়েছে। যশোর কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে উদ্ধার হওয়া সোনা সরকারের কোষাগারে জমা দেওয়া হবে।