১৮ কোটি টাকার পোশাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট জেলার শরণখোলা থানার কটকা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি-পোশাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। ছবি: কোস্ট গার্ড সদর দপ্তর।
বাগেরহাট জেলার শরণখোলা থানার কটকা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি-পোশাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। ছবি: কোস্ট গার্ড সদর দপ্তর।

বাগেরহাট জেলার শরণখোলা থানার কটকা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি ও পোশাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। জব্দ করা শাড়ি ও পোশাকের আনুমানিক বাজারদর ১৭ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদর দপ্তর (ঢাকার আগারগাঁও) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার ভোরে শরণখোলা থানার কটকা এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোন। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চোরাকারবারিরা। কোস্ট গার্ড টহল দল তাদের ধাওয়া করলে পণ্যবোঝাই নৌকাটি ফেলে পালিয়ে যান তাঁরা। পরে নৌকা থেকে ২১ হাজার ১৬৬টি শাড়ি, ২০২টি লেহেঙ্গা ও ৭৭৭টি শাল জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এসব বিলাসবহুল পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনতে চেয়েছিল চোরাকারবারিরা। তাই পণ্যের সঙ্গে নৌকাটিও জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিতে এসব পণ্য ও নৌকাটি খুলনা কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।