১৮ ঘণ্টায় কুকুরের কামড়ে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুকুরের কামড়ে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনই শিক্ষার্থী। রয়েছেন পুলিশের দুই সদস্যও। বাকিরা ক্যাম্পাসের কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য। গত রোববার রাত নয়টা থেকে গতকাল সোমবার বিকেল তিনটা পর্যন্ত ১৮ ঘণ্টায় এ ঘটনা ঘটে।

ক্যাম্পাসের ২ নম্বর গেট, সোহরাওয়ার্দী হল-সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে, কেন্দ্রীয় মসজিদ এলাকা, রেলস্টেশন এলাকা ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় কুকুরের কামড়ে আহত হওয়ার এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় প্রতিষেধক (টিকা) পাননি বলে অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে তাঁদের অনেকে চট্টগ্রাম নগর ও হাটহাজারীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গতকাল সকালে কুকুরের আক্রমণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাশহুদ আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গিয়ে টিকা পাইনি। হাটহাজারী হাসপাতালে গিয়ে শুনি বেলা দুইটার আগে টিকা পাওয়া যাবে না। বাধ্য হয়ে বেসরকারি একটি হাসপাতাল থেকে টিকা নিতে হয়েছে।’

কুকুরের কামড়ে আহত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও একই অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, গত বছরও এ সময়ে বেশ কয়েকজন ছাত্র কুকুরের আক্রমণের শিকার হয়েছিলেন। তখনো বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে টিকার সংকট ছিল। এ বছরও একই ঘটনা ঘটল।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, ভ্যাকসিন দেড় মাসের বেশি সময় পড়ে থাকলে নষ্ট হয়ে যায়। সব সময় ব্যবহার হয় না বলে চিকিৎসাকেন্দ্রে ভ্যাকসিন রাখা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, চিকিৎসাকেন্দ্র থেকে ভ্যাকসিন নেই এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়নি। গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা কুকুরের আক্রমণ ঠেকাতে কাজ করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাপ্রধান (ভারপ্রাপ্ত) বজল হক প্রথম আলোকে বলেন, ‘কুকুরের কামড়ে কমপক্ষে ২৫ জনের আহত হওয়ার খবর পেয়েছি। নিষেধাজ্ঞা থাকলেও বাধ্য হয়ে চারটি কুকুর নিধন করতে হয়েছে। কুকুরের আক্রমণ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কর্মীরা সতর্ক আছেন।’