স্বাধীনতা দিবসে ছাত্রলীগের কর্মসূচিতে উপস্থিতি কম থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী (সম্প্রসারিত ভবন) হলের ৪৪তম ব্যাচের অন্তত ১৮ জন ছাত্রকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কয়েকজন ছাত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে হল শাখা ছাত্রলীগের কর্মীদের উপস্থিতি কম ছিল। এ কারণে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ৪৪তম ব্যাচের প্রথম বর্ষের ছাত্রদের নিয়ে হলের অতিথি কক্ষে বসেন ছাত্রলীগের কর্মীরা। কর্মসূচিতে যাঁরা অনুপস্থিত ছিলেন তাঁদের মধ্যে ফার্মেসি বিভাগের একই ব্যাচের ছাত্র আল আমিনকে গালিগালাজ করেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম। একপর্যায়ে হল শাখা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক হাসিব এবং ছাত্রলীগ কর্মী সোহান ও সাইফুল তাঁকে চড়-থাপ্পড় মারেন।
এ ঘটনার পরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হাসিনুর রহমান, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও সহসম্পাদক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ৪৩তম ব্যাচের ছাত্র আহাম্মাদুন নবী, মেহেদী হাসান, সাইফুদ্দীন ইসলাম, আখতারুজ্জামান, মাহমুদ আল গাজ্জালী, দীপ্ত ঘোষসহ ১৮ জনকে মারধর করা হয়।
তবে ছাত্রদের মারধর করার এ অভিযোগ প্রথম আলোর কাছে অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা হাসিনুর রহমান। অপর ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনকে ফোন করা হলে তিনি ধরেননি।
আল-বেরুনী (সম্প্রসারিত ভবন) হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রধান বলেন, কাউকে মারধর করা হয়নি।
হলের প্রাধ্যক্ষ এ কে এম জসীম উদ্দীন বলেন, ‘এ ঘটনা শোনার পর আমি হলে গিয়েছিলাম। অনেকের সঙ্গে কথা বলেছি। হল প্রশাসনের অন্য শিক্ষকদের নিয়ে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’