হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য ছিনতাইয়ের ঘটনার ১৮ দিন চলে গেছে। কিন্তু এখনো পর্যন্ত মামলার প্রধান আসামি বদরুল আলম ওরফে শ্যামল ও তাঁর ছোট ভাই ফয়সল আলম ওরফে প্রিন্সকে ধরতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, শ্যামল ও প্রিন্স ঢাকায় নেই, পালিয়ে গেছেন।
অবশ্য মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক নূর আলম জানান, এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম, সৌরভ হোসেন খান, কাজী আনিসুর রহমান, মুন্না, জোরদার আলী ও জসিম। তবে গ্রেপ্তার হওয়া ছয়জনের কেউই মামলার এজাহারভুক্ত আসামি নন।
গত ১০ আগস্ট দুপুরে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স কুরিয়ার ইউনিট থেকে পণ্য ছিনতাইয়ের ঘটনা ঘটে। যুবলীগের নেতা হিসেবে পরিচিত শ্যামল ও প্রিন্সের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম, পাঁচজন সহকারী রাজস্ব কর্মকর্তা মোজাম্মেল হক, শাহজাহান আলী, মোস্তফা জামাল, মাহবুবুর রহমান ও আবদুল সেলিমকে মারধর করেন। তাঁরা তিনটি ট্রলিতে করে ১৫টি কার্টন ছিনিয়ে নিয়ে যান। ভিডিও ফুটেজে দেখা যায়, শ্যামল ও প্রিন্সের নেতৃত্বে এই হামলা চালানো হয়। ঘটনার দিন বিকেলে শ্যামলের মালিকানাধীন এসএমআই কুরিয়ার সার্ভিসের উত্তরা ১ নম্বর সেক্টরের কার্যালয় থেকে ছিনতাই হওয়া পণ্য উদ্ধার করে পুলিশ।
পরদিন ১১ আগস্ট রাষ্ট্রীয় কাজে বাধা ও জীবননাশের হুমকির অভিযোগ এনে শ্যামল ও প্রিন্সসহ আটজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী। তবে এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছিলেন শ্যামল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূর আলমের দাবি, গ্রেপ্তার হওয়া জসিম শ্যামলের ঘনিষ্ঠ লোক। রিমান্ডে নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, শ্যামল ও প্রিন্সকে গ্রেপ্তারে তাদের ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা, উত্তরার কার্যালয়ে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামালউদ্দিন জানান, শ্যামলের মুঠোফোন বন্ধ রয়েছে। সম্ভবত তিনি ঢাকার বাইরে পালিয়ে গেছেন।
প্রধান দুই আসামি ধরা না পড়লেও বিমানবন্দর কার্গো কমপ্লেক্সের পরিস্থিতি শান্ত আছে বলে দাবি করেন ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান।
এদিকে মামলার ছয় নম্বর আসামি বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের সংবিধান বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়। বিমানবন্দর ছাত্রলীগের প্যাডে বহিষ্কারাদেশটি কুরিয়ার কমপ্লেক্সের দেয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে।