১৮ দিনেও বাসায় ফেরেননি হাসনাত করিম ও তাহমিদ
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের জিম্মিদশা থেকে উদ্ধারের ১৮ দিন পরও গতকাল মঙ্গলবার পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ও কানাডার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খান বাসায় ফেরেননি।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ জুলাই সেনা কমান্ডোর নেতৃত্বে সমন্বিত অভিযানে হলি আর্টিজানের জঙ্গিদের জিম্মিদশা থেকে দেশি-বিদেশিসহ ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের সবাইকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ৩ জুলাই ছেড়ে দেওয়া হলেও হাসনাত করিম ও তাহমিদকে ডিবি কার্যালয়ে রাখা হয়। পুলিশ ওই দিন থেকে বলে আসছে, তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
হাসনাত করিম ও তাহমিদের পরিবারের পক্ষ থেকে গতকাল বলা হয়, তাঁরা বাসায় ফেরেননি। দুই পরিবার মনে করছে, তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। তবে গতকাল বিকেলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসনাত করিম ও তাহমিদ হাসিব তাঁদের কাছে নেই।