
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় অবশেষে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলা হয়নি সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে। দায়ের করা প্রায় সব মামলাতেই আসামি হয়েছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম।
গতকাল সোমবার রাজধানীর তিনটি থানায় ১৮টি মামলা করেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। মতিঝিল থানায় তিনটি, পল্টন থানায় সাতটি এবং গুলশান থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলা প্রায় ৬৫৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মোট আসামির সংখ্যা ৫৬ জন।
ব্যাংকের ১৯ জন কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়েছে। ঋণ গ্রহীতা ২০টি প্রতিষ্ঠানের ৩১ জন এবং চারটি সার্ভে প্রতিষ্ঠানের ছয়জন আসামি হয়েছেন এসব মামলায়।
বেসিক ব্যাংকে প্রায় চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় দীর্ঘ অনুসন্ধান শেষে ৮ সেপ্টেম্বর ৫৪টি মামলার অনুমোদন দেয় কমিশন। পরে আরও দুটি মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম ব্যাপকভাবে উচ্চারিত হলেও কোনো মামলায় তাঁকে আসামি করা হয়নি।
মামলার এজাহার পর্যালোচনা করে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক, ঋণদান কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটির প্রধান ও ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করা হয়েছে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার অভিযোগে। ঋণ দেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের নির্দেশনা না মেনে এসব ঋণ দেওয়া হয় বলে বেশির ভাগ এজাহারে উল্লেখ রয়েছে।
অথচ এ ঘটনায় জড়িত হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ অধিকাংশ প্রতিবেদনে আবদুল হাইয়ের সংশ্লিষ্টতার কথা উঠে আসে। খোদ অর্থমন্ত্রী বেসিক ব্যাংকে ‘হরিলুটের’ পেছনে আবদুল হাই জড়িত বলে উল্লেখ করেছেন। জাতীয় সংসদেও এ বিষয়ে আলোচনা হয়েছে। সংসদীয় কমিটিতেও এ জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন কমিটির সদস্যরা।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলা। কিন্তু এ ক্ষেত্রে দুদক যা করল, সেটা উচিত ছিল না। আগেও বলেছি, এর মাধ্যমে দুদক প্রশ্নবিদ্ধ হবে।’
সোমবার করা দুদকের ১৮টি মামলার মধ্যে বেসিক ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম এবং বর্তমান ডিএমডি ফজলুস সোবহানকে আসামি করা হয়েছে ১৬টি করে মামলায়। সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোরশেদকে আসামি করা হয়েছে দুটি মামলায়। সাবেক এমডি এ কে এম সাজেদুর রহমান একটি মামলায়, বরখাস্ত হওয়া ডিএমডি এ মোনায়েম খান ১২টি, বর্তমান ডিএমডি কনক কুমার পুরকায়স্থ নয়টি, মো. সেলিম দুটি মামলায় আসামি হয়েছেন।
বেসিক ব্যাংকের শান্তিনগর শাখার সাবেক শাখাপ্রধান মোহাম্মদ আলী সাতটি মামলায়, একই শাখার সাবেক শাখাপ্রধান মো. মোজাম্মেল হোসেন দুটি, শান্তিনগর শাখার ক্রেডিট ইনচার্জ সরোয়ার হোসেন দুটি, গুলশান শাখার সাবেক শাখাপ্রধান শিপার আহমেদ আটটি, সাবেক শাখা ব্যবস্থাপক এস এম ওয়ালিউল্লাহ একটি, গুলশান শাখার সাবেক ক্রেডিট ইনচার্জ এস এম জাহিদ হাসান ছয়টি ও মহিবুল হক দুটি এবং প্রধান শাখার সাবেক শাখাপ্রধান জয়নাল আবেদীন চৌধুরী দুটি মামলায় আসামি হয়েছেন।
এ ছাড়া ব্যাংকটির প্রধান শাখার শাখাপ্রধান উমর ফারুক একটি, শান্তিনগর শাখার সাবেক শাখাপ্রধান গোলাম ফারুক খান দুটি মামলায় আসামি হয়েছেন। একটি করে মামলায় আসামি করা হয়েছে ব্যাংকের প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক ও ক্রেডিট ইনচার্জ আবদুস সাত্তার খান, গুলশান শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান, জিএম খন্দকার শামীম হাসান, প্রধান শাখার সাবেক ক্রেডিট ইনচার্জ আবদুস সবুর ও গুলশান শাখার সাবেক উপব্যবস্থাপক এন এ তফিকুল আলমকে।
যেসব কোম্পানির প্রধানেরা মামলায় আসামি হয়েছেন, তাঁদের মধ্যে বর্ষণ এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরান শহীদ, তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিয়াজ আক্তার, নিউ অটো ডিফাইনের আসমা খাতুন, ফিয়াজ এন্টারপ্রাইজের ওয়াহিদুর রহমান, নীল সাগর এগ্রোর আহসান হাবিবের বিরুদ্ধে দুটি করে মামলা হয়েছে।
এ ছাড়া মামলা হয়েছে ইমারেল্ড ড্রেসেসের চেয়ারম্যান সৈয়দ হাসিবুল গনি, এমডি মো. এনামুল হক খান, পরিচালক আনোয়ার হোসেন খোকন, মেসার্স হক ট্রেডিংয়ের মালিক জিয়াউল হক, এস ও এস ব্রাদার্সের সুর্বণা দত্ত ও সমীর দত্ত, এসএল ডিজাইনারসের এমডি মো. আলিমুজ্জামান (লিটন), পরিচালক নুরজাহান মনি, চেয়ারম্যান মো. সাইফুর রহমান, এসএফজি শিপিং লাইনের এমডি সৈয়দ গোলাম হোসেন, পরিচালক মো. আইয়ুব আলী, সীন টেক্সের মো. হাসিবুজ্জামান, ট্রেড হাউজের তাজউদ্দীন মোল্লা, ইউকে বাংলা ট্রেডিংয়ের চেয়ারম্যান আহমেদ তাজ উদ্দিন ও পরিচালক মো. মোস্তাকুর রহমানের বিরুদ্ধে।
মামলা হয়েছে লিটল ওয়ার্ল্ডের এমডি মো. রায়হান আজাদ, পরিচালক মো. আযিম উদ্দিন, মাহমুদুল হাসান, আতাউর রহমান ও আফরোজা রায়হান; মনিকা ট্রেডিংয়ের মো. মনির হোসেন; সৈয়দ কনস্ট্রাকশনের এমডি সৈয়দ হামদুজ্জামান, তাঁর স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান সৈয়দা রোজিনা জামান; ফারশি ইন্টারন্যাশনালের এমডি ফয়েজুন নবী চৌধুরী ও তাঁর স্ত্রী জেসমিন নবী চৌধুরী; বীথি এন্টারপ্রাইজের কামরান শহীদ; আলী ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মো. মাহবুবুল আলম; হাসিব এন্টারপ্রাইজের মো. হাসিবুজ্জামান; ভয়েস এন্টারপ্রাইজের এমডি সৈয়দ হাসিবুল গনি গালিব ও পরিচালক সৈয়দ রাজিয়া বানুর বিরুদ্ধে।
সার্ভে প্রতিষ্ঠান এসডি সার্ভের ব্যবসায়িক অংশীদার ইকবাল হোসেন ভূইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে নয়টি। একই প্রতিষ্ঠানের চিফ সার্ভেয়ার ও পার্টনার মো. ফারুক পাঁচটি, ম্যানেজার অ্যান্ড সিনিয়র সার্ভেয়ার আবু সুফিয়ান একটি, রূপসা সার্ভেয়ারের সিনিয়র সার্ভেয়ার জহিরুল ইসলাম তিনটি, পিএসআর সার্ভে অ্যান্ড ইন্সপেকশন কোম্পানির চিফ সার্ভেয়ার জসিম উদ্দিন চৌধুরী এবং বিডিএস এডজাস্টার্সের প্রধান নির্বাহী ইবনে মোফাজ্জল বকরী একটি করে মামলায় আসামি হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি টাকা। ২০১৩ সালের মার্চে তা দাঁড়ায় ৯ হাজার ৩৭৩ কোটি টাকা। ওই চার বছর তিন মাসে ব্যাংকটি ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে।