১৮ মামলার আসামির লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি বিল থেকে জেলা-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন ওরফে ডাকাত জীবনের (৩৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।
আজ শুক্রবার বেলা একটার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের হাশিমপুর সেতু সংলগ্ন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। কামাল ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
কামালের চাচা সফর আলী জানান, তিন দিন আগে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ধরখার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, দুপুরে হাশিমপুর সেতুর সংলগ্ন বিলের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের হাত-পা বাঁধা ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। বিকেলে জেলা সদর হাসপাতালে লাশটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক, অস্ত্র, ডাকাতি এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মোট ১৮টি মামলা রয়েছে। কামাল জেলার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম ছিল।